চার দিনের গুরুত্বপূর্ণ সরকারি সফর শেষে জাপানের রাজধানী টোকিও থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার দিবাগত রাত ২টা ৪৮ মিনিটে তাঁকে বহনকারী বিমান বাংলাদেশ দূরপ্রাচ্যের দেশটি থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
প্রধানমন্ত্রীর এই প্রত্যাবর্তনের খবরটি নিশ্চিত করেছেন তাঁর ডেপুটি প্রেস সেক্রেটারি শাহাদাৎ স্বাধীন। এর আগে গত ২৯ অক্টোবর জাপানের স্থানীয় সময় রাত ১০টা ৫৫ মিনিটে ঢাকার উদ্দেশ্যে উড্ডয়ন করে প্রধানমন্ত্রীর বিমানটি।
চার দিনের এই বিশেষ সফরে অর্থনৈতিক সহযোগিতা এবং নতুন বিনিয়োগ আকর্ষণের ওপর জোর দেওয়া হয়। সফরের অংশ হিসেবে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠকে অংশ নেন বাংলাদেশের সরকারপ্রধান।
টোকিওতে অবস্থানকালে দুই দেশের সার্বিক সম্পর্ক উন্নয়ন ও অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি বাণিজ্যিক নানা বিষয়ে আলোচনা হয়। বৈঠকগুলোতে বাংলাদেশে জাপানি বিনিয়োগের নতুন সম্ভাবনা এবং অর্থনৈতিক অগ্রগতিকে ত্বরান্বিত করার রূপরেখা তুলে ধরা হয়।
এছাড়া, সফরকালে জাপানের শীর্ষস্থানীয় বেসরকারি প্রতিষ্ঠান ও আর্থিক খাতের নির্বাহীদের সাথেও আলাদা মতবিনিময় করেন প্রধানমন্ত্রী। একই সাথে প্রবাসীদের বিভিন্ন সুবিধা-অসুবিধা ও দেশের উন্নয়নে ভূমিকা রাখা নিয়ে সেখানে অবস্থানরত বাংলাদেশি কমিউনিটির সাথেও বৈঠক করেন তিনি।
টোকিওতে ৫ ঘণ্টা বিলম্বের পর ঢাকার পথে প্রধানমন্ত্রী