পাবনার ভাঙ্গুড়ায় গরু ছাড়াই দুধ তৈরির অভিনব প্রতারণার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় নকল দুধ তৈরির বিপুল পরিমাণ কাঁচামাল ও প্রস্তুত দুধ জব্দ করা হয়। পরে জব্দ করা সামগ্রী ধ্বংস করা হয়েছে।
শুক্রবার উপজেলার কৈডাঙ্গা নতুন পাড়া গ্রামের আবুল বাশারের বাড়িতে অবস্থিত কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ২ হাজার ৭০০ লিটার জেলি, ২০০ কেজি সয়াবিন তেল এবং ৩২০ লিটার নকল দুধ জব্দ করা হয়।
অভিযান সূত্রে জানা গেছে, জেলি, সয়াবিন তেল, পানি ও চিনি একসঙ্গে মিশিয়ে ব্লেন্ডিংয়ের মাধ্যমে গরুর দুধ ছাড়াই নকল দুধ তৈরি করছিল একটি অসাধু চক্র।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুরাইয়া মমতাজ অভিযানে নেতৃত্ব দেন। গোপন সংবাদের ভিত্তিতে জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) সদস্যরা প্রথমে ঘটনাস্থলে উপস্থিত হয়ে নকল দুধ তৈরির প্রক্রিয়া পর্যবেক্ষণ করেন। পরে তাঁরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অনুরোধ করেন।
ভ্রাম্যমাণ আদালত ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ধারায় নকল দুধ উৎপাদনকারী আবুল বাশারকে এক বছরের কারাদণ্ড ও দুই লাখ টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে তাঁকে আরও তিন মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
এ কাজে সহযোগিতার দায়ে কর্মচারী সবুজ হোসেনকে ছয় মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে তাঁকে আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
অভিযানের সময় এনএসআই পাবনা কার্যালয়ের উপপরিচালক এ বি এম লুত্ফুল কবির, ভাঙ্গুড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান এবং উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. নুরুল ইসলাম উপস্থিত ছিলেন। ভাঙ্গুড়া থানা পুলিশ ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করে।
উল্লেখ্য, কৈডাঙ্গা গ্রামের আবুল বাশারের কারখানায় কয়েক বার অভিযান পরিচালনা করে নকল দুধ তৈরির কেমিক্যাল পাওয়া গেলেও এবারই প্রথম তাকে কারাদণ্ড প্রদান করা হলো। এলাকাবাসী জানায়, আবুল বাশার দীর্ঘদিন যাবত্ নকল দুধ প্রস্তুত করছেন এবং বিভিন্ন কোম্পানির কাছে তা বিক্রি করে বিপুল অর্থের মালিক হয়েছেন। এই নকল দুধ পান করে পেটের পীড়াসহ অনেক শিশু রোগাক্রান্ত হয়ে পড়েছে। উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া মমতাজ বলেন, এইসব অসাধু ব্যবসায়ীরা শিশু খাদ্যে ভেজাল মিশ্রিত করে আঙুল ফুলে কলাগাছ হয়েছে। এজন্য তাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত অব্যাহত রাখা হবে।
ইরানকে ‘মধ্যপ্রাচ্যের দাপুটে শক্তি’ বললেন ট্রাম্প
পুনরায় নির্বাচনের মুখে ইসরায়েল!
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ৬ মাসের মধ্যে সর্বোচ্চ