দীর্ঘ যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইরান: ট্রাম্পকে কড়া হুঁশিয়ারি

আপডেট : ০২ নভেম্বর ২০২৬, ০২:০৬ এএম

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে কোনো সামরিক সংঘাত শুরু হলে তা আগের চেয়েও দীর্ঘ রূপ নেবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। একই সঙ্গে এই সংঘাতের সমাপ্তি কিংবা শর্তাবলি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এককভাবে ঠিক করতে পারবেন না বলেও স্পষ্ট জানিয়ে দিয়েছে দেশটি।

ইরানি সেনাবাহিনীর মুখপাত্র মোহাম্মদ আকরামনিয়া রাষ্ট্রীয় মাধ্যমে প্রদত্ত এক বক্তব্যে এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন। মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে কূটনৈতিক আলোচনা চললেও যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অব্যাহত হুমকির মুখে অঞ্চলটির সার্বিক পরিস্থিতি এখন চরম উত্তপ্ত রূপ নিয়েছে।

অন্যদিকে ফ্লোরিডায় সাংবাদিকদের সঙ্গে আলাপে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ইরানে দ্রুত সামরিক পদক্ষেপের ইঙ্গিত দেন। বিশেষ করে 'পিকঅ্যাক্স মাউন্টেন' নামক ভূগর্ভস্থ পারমাণবিক কেন্দ্রে অল্প সময়ের মধ্যেই হামলা চালানো সম্ভব বলে তিনি মন্তব্য করেন।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) মুখপাত্র হোসেইন মোহেবি জানান, এবার যুদ্ধ শুরু হলে তার কোনো নির্দিষ্ট ভৌগোলিক সীমানা থাকবে না। শত্রুপক্ষের সর্বোচ্চ ক্ষয়ক্ষতি নিশ্চিত করতে কৌশলগত ক্ষেত্র প্রস্তুত করা হয়েছে বলেও জানান তিনি।

সংকট নিরসনে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স আলোচনার প্রস্তাব পাঠিয়ে চিঠি দিলেও ইরান তাতে সাড়া দেয়নি। নিরাপত্তাপ্রধান মোহসেন রেজায়ি স্পষ্ট করেছেন যে, ইরানের নৌ অবরোধ ও অর্থনৈতিক নিষেধাজ্ঞা না তুললে হরমুজ প্রণালি মুক্ত করা হবে না।

পরিস্থিতি পর্যালোচনায় সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের উপদেষ্টা আনোয়ার গারগাশ কূটনৈতিক সমাধানের ওপর জোর দিয়েছেন। তবে আশাবাদী হওয়ার পাশাপাশি সার্বিক নিরাপত্তার স্বার্থে যেকোনো ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হতে আমিরাত প্রস্তুত রয়েছে বলে তিনি জানান।

এদিকে যুদ্ধের এই টানটান উত্তেজনায় সাধারণ ইরানিদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। তেহরানের একাংশ অধিবাসী চরম উৎকণ্ঠায় দিন কাটালেও, দীর্ঘদিনের সংকটে অভ্যস্ত অনেকে নতুন কোনো সংঘাতকে আর ভয় পাচ্ছেন না বলে জানান।

সূত্র: এএফপি

এইচএন
আরও পড়ুন
সর্বশেষপঠিত