হকিতে চীনকে রুখে দিয়ে পয়েন্ট পেলো বাংলাদেশ

আপডেট : ০২ নভেম্বর ২০২৬, ০৭:২১ পিএম

সবশেষ মুখোমুখি লড়াইয়ে বিধ্বস্ত হওয়ার স্মৃতি সঙ্গী করে চীনের বিপক্ষে খেলতে নেমে এবার আলো ছড়ালেন আশরাফুল-জিমিরা। শক্তিশালী প্রতিপক্ষকে রুখে দিয়ে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথম পয়েন্ট পেলো বাংলাদেশ।

ভারতের পাঞ্জাবে রাউন্ড রবিন লিগের ম্যাচে সোমবার (২ নভেম্বর) চীনকে ১-১ গোলে আটকে দিয়েছে বাংলাদেশ। গত আইচি-নাগোয়া এশিয়ান গেমসে তাদের বিপক্ষে ৭-১ ব্যবধানে বিধ্বস্ত হয়েছিল লাল-সবুজেরা।

হকিতে টানা চার হারের পর পয়েন্টের খাতা খুললো বাংলাদেশ। স্বাগতিক ভারতের বিপক্ষে ১৩-০ ব্যবধানে হেরে আসর শুরুর পর, জাপানের বিপক্ষে ১-০ গোলে হারে বাংলাদেশ। এরপর মালয়েশিয়ার বিপক্ষে ৬-১ এবং দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৫-০ গোলে হারে দল।

খেলার দ্বিতীয় মিনিটেই পেনাল্টি কর্নার থেকে গোল পান চেন বেন হাই। পিছিয়ে পড়ার পর দারুণভাবে ঘুরে দাঁড়ান আমিরুল-জিমিরা। ৩৮তম মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে আশরাফুলের লক্ষ্যভেদে সমতায় ফিরে বাংলাদেশ। চীন অবশ্য আক্রমণে আধিপত্য করেছে। তবে, সাতটি পেনাল্টি কর্নারের মাত্র একটি কাজে লাগাতে পারে তারা। দুটি পেনাল্টি কর্নারের কোনোটিই কাজে লাগাতে পারেনি বাংলাদেশ।

ছয় দলের রাউন্ড রবিন লিগে ২ পয়েন্ট নিয়ে চীন পঞ্চম ও বাংলাদেশ ১ পয়েন্ট নিয়ে ষষ্ঠ হয়েছে। এই দুই দল এখন খেলবে স্থান নির্ধারণী ম্যাচে। ২০২১ সালে সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলেছিল বাংলাদেশ। ঢাকায় হওয়া সেই আসরে পঞ্চম হয়েছিল দল। দুই আসর পর ফের এবার এই আঙিনায় পা পড়েছে তাদের।

জেএম
আরও পড়ুন