হরমুজ প্রণালির দক্ষিণাঞ্চলে চারটি তেলবাহী জাহাজ মাইন বিস্ফোরণে ধ্বংস হয়েছে বলে দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের ৫৬তম এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিত করার কথাও জানিয়েছে বাহিনীটি।
বুধবার (৪ নভেম্বর) প্রকাশিত মেহর নিউজ এজেন্সির (এমএনএ) প্রতিবেদনে আইআরজিসির বিবৃতির বরাতে এসব তথ্য জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, হরমুজ প্রণালির দক্ষিণে নিষিদ্ধ জলপথ দিয়ে যাওয়ার চেষ্টা করছিল চারটি তেলবাহী জাহাজ। এ সময় সেগুলো নৌমাইনে আঘাতপ্রাপ্ত হয়ে ধ্বংস হয় এবং জাহাজগুলোতে আগুন জ্বলছিল। এ ছাড়া আরও দুটি জাহাজের চলাচল আটকে দেওয়ার দাবি করেছে আইআরজিসি।
বাহিনীটির দাবি, তাদের নৌ ও মহাকাশ বাহিনী শত্রুপক্ষের বিরুদ্ধে বড় ধরনের আঘাত হেনেছে। তবে ধ্বংস হওয়া চারটি জাহাজের নাম, মালিকানা, পতাকাবাহী দেশ কিংবা হতাহতের বিষয়ে বিবৃতিতে বিস্তারিত জানানো হয়নি।
হরমুজ প্রণালির আকাশসীমায় যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিত করার দাবিও করেছে আইআরজিসি। তাদের বিবৃতিতে বলা হয়েছে, বুধবার ভোর ৪টা ৩০ মিনিটে নতুন একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ড্রোনটি নামানো হয়।
বাহিনীটি অভিযানটিকে নতুন প্রযুক্তি ও কৌশল প্রয়োগের মাধ্যমে পরিচালিত বলে উল্লেখ করেছে। এটি যুক্তরাষ্ট্রের ৫৬তম ড্রোন ভূপাতিত করার ঘটনা বলে দাবি করেছে আইআরজিসি।
তবে ড্রোনটি কোথায় ভূপাতিত হয়েছে, এর ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছে কি না কিংবা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এ বিষয়ে কোনো বক্তব্য এসেছে কি না—তা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।
আইআরজিসির এই দাবি এমন এক সময়ে সামনে এল, যখন হরমুজ প্রণালিকে ঘিরে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সামরিক ও কূটনৈতিক উত্তেজনা অব্যাহত রয়েছে। বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথগুলোর একটি এই প্রণালি দিয়ে বিপুল পরিমাণ তেল ও গ্যাস আন্তর্জাতিক বাজারে পরিবহন করা হয়।
বিবৃতির শেষাংশে আইআরজিসি বলেছে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য তাদের যোদ্ধারা প্রস্তুত রয়েছে।
তবে চারটি তেলবাহী জাহাজ ধ্বংস এবং মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবির বিষয়ে স্বাধীন সূত্রের নিশ্চিতকরণ পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও এ ঘটনার কোনো প্রতিক্রিয়া প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।
সূত্র: মেহর নিউজ এজেন্সি (এমএনএ), আইআরজিসির বিবৃতি।
আজ থেকে ৪ দিন সারাদেশে গ্যাসের চাপ কম থাকবে
আপা আসবে তাই চলে যাচ্ছি, বিদায় বাংলাদেশ: আসিফ মাহমুদ
রাফিনিয়া-ইয়ামালের নৈপুণ্যে অ্যাস্টন ভিলাকে উড়িয়ে দিলো বার্সেলোনা