রিপাবলিকানদের কাছ থেকে যেসব আসন ছিনিয়ে নিলো ডেমোক্র্যাটরা

আপডেট : ০৪ নভেম্বর ২০২৬, ০৪:৫০ পিএম

যুক্তরাষ্ট্রের ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে সিনেটে রিপাবলিকানদের কাছ থেকে একের পর এক আসন ছিনিয়ে নিয়েছে ডেমোক্র্যাটরা। টেক্সাস, কানসাস, আইওয়া, সাউথ ক্যারোলাইনা, নর্থ ক্যারোলাইনা, মেইন ও ওহাইওর মতো রাজ্যে দলটির প্রার্থীদের জয় মার্কিন রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করেছে।

আলজাজিরার সাংবাদিক তামারা খানদাকারের বিশ্লেষণ অনুযায়ী, এসব জয়ের মধ্যে কয়েকটি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। কারণ, যেসব রাজ্যে দীর্ঘদিন ধরে রিপাবলিকানদের আধিপত্য ছিল, সেখানেও ডেমোক্র্যাট প্রার্থীরা জয় পেয়েছেন।

কোন রাজ্যে কে জয়ী হলেন?

১. টেক্সাস: জেমস তালারিকো

টেক্সাসে রিপাবলিকান প্রার্থী কেন প্যাক্সটনকে পরাজিত করেছেন ডেমোক্র্যাট জেমস তালারিকো। ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প এই রাজ্যে ১৪ শতাংশ পয়েন্টের ব্যবধানে জয়ী হয়েছিলেন। এবার প্যাক্সটনের পক্ষে প্রচার চালিয়েছিলেন ট্রাম্প। কিন্তু শেষ পর্যন্ত জয় পেয়েছেন তালারিকো। টেক্সাসে দীর্ঘ বিরতির পর ডেমোক্র্যাটদের এই জয় দলটির জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। প্যাক্সটন এর আগে প্রতারণার অভিযোগে অভিযুক্ত হয়েছিলেন এবং রাজ্য আইনসভায় অভিশংসিতও হয়েছিলেন। 

২. কানসাস: অ্যাডাম হ্যামিলটন

কানসাসে রিপাবলিকান সিনেটর রজার মার্শালকে পরাজিত করেছেন ডেমোক্র্যাট অ্যাডাম হ্যামিলটন। মার্শালের পক্ষেও সমর্থন দিয়েছিলেন ট্রাম্প। কানসাস দীর্ঘদিন ধরে রিপাবলিকানদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। সেখানে ৯৪ বছর পর ডেমোক্র্যাটদের সিনেট আসন জয় এই নির্বাচনের অন্যতম উল্লেখযোগ্য ঘটনা। 

৩. আইওয়া: জশ টুরেক

আইওয়ায় রিপাবলিকান প্রার্থী অ্যাশলি হিনসনকে পরাজিত করেছেন ডেমোক্র্যাট জশ টুরেক। ২০২৪ সালের নির্বাচনে ট্রাম্প এই রাজ্যে ১৪ শতাংশ পয়েন্টের ব্যবধানে জয় পেয়েছিলেন। কিন্তু এবারের সিনেট নির্বাচনে প্রায় ৪ শতাংশ পয়েন্টের ব্যবধানে জয় পান টুরেক। 

৪. সাউথ ক্যারোলাইনা: অ্যানি অ্যান্ড্রুজ

সাউথ ক্যারোলাইনায় ডেমোক্র্যাট অ্যানি অ্যান্ড্রুজের জয়ও বড় চমক হিসেবে দেখা হচ্ছে। এই আসনটি দীর্ঘদিন ধরে রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহামের দখলে ছিল। তার মৃত্যুর পর বোন ডারলিন গ্রাহাম সাময়িকভাবে আসনটির দায়িত্ব পান এবং নির্বাচনে ট্রাম্পের সমর্থনও লাভ করেন। কিন্তু নির্বাচনে ডারলিনকে পরাজিত করেন অ্যান্ড্রুজ। প্রায় তিন দশক পর সাউথ ক্যারোলাইনা থেকে একজন ডেমোক্র্যাট সিনেটর নির্বাচিত হলেন। 

৫. নর্থ ক্যারোলাইনা: রয় কুপার

নর্থ ক্যারোলাইনায় সাবেক গভর্নর রয় কুপার রিপাবলিকান প্রার্থী মাইক হোয়াটলিকে প্রায় ২০ শতাংশ পয়েন্টের ব্যবধানে পরাজিত করেছেন। এই জয়ের মধ্য দিয়ে ডেমোক্র্যাটরা রিপাবলিকানদের দখলে থাকা একটি সিনেট আসন নিজেদের করে নিয়েছে। 

৬. মেইন: ট্রয় জ্যাকসন

মেইনে দীর্ঘদিনের রিপাবলিকান সিনেটর সুসান কলিন্সকে পরাজিত করেছেন ডেমোক্র্যাট ট্রয় জ্যাকসন। প্রায় ৭ শতাংশ পয়েন্টের ব্যবধানে তার এই জয় ডেমোক্র্যাটদের সিনেট সংখ্যাগরিষ্ঠতা আরও শক্তিশালী করেছে।

৭. ওহাইও: শেরড ব্রাউন

ওহাইওতে রিপাবলিকান জন হুস্টেডকে পরাজিত করেছেন ডেমোক্র্যাট শেরড ব্রাউন। প্রায় ৪ শতাংশ পয়েন্টের ব্যবধানে জয় পেয়েছেন তিনি। এর ফলে রিপাবলিকানদের দখলে থাকা আসনটি আবার ডেমোক্র্যাটদের হাতে ফিরে এসেছে।

৮. মিশিগান: আবদুল এল-সায়েদ

মিশিগানে রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সের বিরুদ্ধে লড়েছেন ডেমোক্র্যাট আবদুল এল-সায়েদ। নির্বাচনের প্রাথমিক ফলাফলে তিনি বিজয় দাবি করেন। তার জয় নিশ্চিত হওয়ায়ঢ যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর হওয়ার রেকর্ড গড়লেন তিনি। 

কেন এই জয় গুরুত্বপূর্ণ?

ডেমোক্র্যাটদের এসব সাফল্যের ফলে যুক্তরাষ্ট্রের সিনেটে দলটির নিয়ন্ত্রণ ফিরে এসেছে। এর অর্থ, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনকে এখন কংগ্রেসের উচ্চকক্ষে বিরোধী দলের সংখ্যাগরিষ্ঠতার মুখোমুখি হতে হবে। সিনেটের নিয়ন্ত্রণ থাকায় ডেমোক্র্যাটরা আইন প্রণয়ন, প্রশাসনের বিভিন্ন সিদ্ধান্তের তদারকি, তদন্ত এবং গুরুত্বপূর্ণ নিয়োগ অনুমোদনের ক্ষেত্রে বড় ভূমিকা রাখতে পারবে। ইরান যুদ্ধ, প্রতিরক্ষা ব্যয়, জ্বালানিনীতি ও ট্রাম্প প্রশাসনের বিভিন্ন সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তোলার সুযোগ বাড়বে।

তবে নির্বাচনের ফলাফল ঘোষণার পরও কয়েকটি আসনের ভোট গণনা চলছিল। ফলে চূড়ান্ত আসনসংখ্যা ও সংখ্যাগরিষ্ঠতার ব্যবধান আরও পরিবর্তিত হতে পারে। সব মিলিয়ে, ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের এই সাফল্য শুধু কয়েকটি আসন পরিবর্তনের ঘটনা নয়; বরং যুক্তরাষ্ট্রের কংগ্রেসে ক্ষমতার ভারসাম্য বদলে যাওয়ারও ইঙ্গিত।

সূত্র: আলজাজিরা, এপি, রয়টার্স

জেএম
আরও পড়ুন
সর্বশেষপঠিত