ইরানে আরও হামলা চালানোর হুমকি দেওয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর সমালোচনা করেছেন দেশটির কংগ্রেসওম্যান ইয়াসামিন আনসারি। তিনি অভিযোগ করেছেন, ৯ কোটি মানুষের একটি দেশকে ধ্বংস করে দেওয়ার হুমকি দিচ্ছেন ট্রাম্প, যা মানবতাবিরোধী অপরাধের শামিল।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আনসারি বলেন, ‘তিনি আবারও ৯ কোটি মানুষের একটি দেশকে নিশ্চিহ্ন করে দেওয়ার হুমকি দিচ্ছেন। এটি মানবতাবিরোধী অপরাধ।’
ট্রাম্পের এই যুদ্ধকে ‘বেপরোয়া ও অপ্রয়োজনীয় যুদ্ধ’ হিসেবে উল্লেখ করে তা বন্ধে ডেমোক্র্যাটদের জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
আনসারি বলেন, ‘প্রতিনিধি পরিষদ ও সিনেটের নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার পর ট্রাম্পের এই বেপরোয়া যুদ্ধ বন্ধে ডেমোক্র্যাটদের জরুরি ভিত্তিতে কাজ করতে হবে। যথেষ্ট হয়েছে, আর নয়।’
ট্রাম্প ইরানের বাকি অংশ ধ্বংস করতে চান না বলে মন্তব্য করার পরও প্রয়োজনে তা করতে হতে পারে বলে হুঁশিয়ারি দেন। তিনি বলেন, ‘আপনারা শিগগিরই জানতে পারবেন।’
ট্রাম্পের এই বক্তব্যের পরই তাঁর সমালোচনায় সরব হন আনসারি। ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান এবং দেশটির ওপর আরও হামলার হুমকি নিয়ে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনৈতিক বিতর্কের মধ্যেই এ মন্তব্য করলেন তিনি।
হুথি হেফাজতে জাতিসংঘ কর্মীর মৃত্যু