পিৎজায় আনারস দিতে রাজি না হওয়ায় অস্ট্রেলিয়ার ব্রিসবেনের একটি রেস্তোরাঁ থেকে চাকরি হারিয়েছেন ইতালীয় শেফ ডেভিডে তাম্বুরেলা। তাঁর দাবি, পিৎজায় আনারস ব্যবহার করা তাঁর সংস্কৃতির প্রতি অপমানের শামিল।
গত মে মাসে ব্রিসবেনের বন্ধ হয়ে যাওয়া লা কোস্টা রেস্তোরাঁ থেকে তাঁকে বরখাস্ত করা হয়। এর দুই সপ্তাহ আগে ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সঙ্গে এক বৈঠক হয়েছিল তাঁর। সেখানে শেফের আচরণ নিয়ে একাধিক অভিযোগ তোলা হয়।
অভিযোগগুলোর মধ্যে ছিল, একটি অনুষ্ঠানের অতিথিদের জন্য হ্যাম ও আনারস দিয়ে পিৎজা তৈরি করতে অস্বীকৃতি জানানো। সে সময় তাম্বুরেলা বলেছিলেন, ব্যবস্থাপনা কর্তৃপক্ষের কোনো নির্দেশ তাঁর সংস্কৃতির জন্য অপমানজনক হলে তা মানার প্রয়োজন নেই।
চাকরি থেকে বরখাস্ত হওয়ার পর অন্যায়ভাবে চাকরিচ্যুতির অভিযোগ তুলে অস্ট্রেলিয়ার ফেয়ার ওয়ার্ক কমিশনের দ্বারস্থ হন তিনি। মঙ্গলবার প্রকাশিত কমিশনের সিদ্ধান্তে বলা হয়, ইতালীয় হিসেবে তাম্বুরেলা মনে করেন, পিৎজায় আনারস দেওয়া তাঁর সংস্কৃতির প্রতি অপমান। এ কারণেই তিনি আনারস ব্যবহার করতে অস্বীকৃতি জানিয়েছিলেন।
কমিশন আরও জানায়, গত চার বছরে এটি তৃতীয়বারের মতো পিৎজায় আনারস ব্যবহার করতে অস্বীকৃতি জানান তিনি। এর আগে নিজের বসকে ইতালীয়দের কাছে পিৎজায় আনারস না দেওয়ার বিষয়টি কতটা গুরুত্বপূর্ণ, তা যাচাই করে দেখার অনুরোধও জানিয়েছিলেন তাম্বুরেলা।
মজার বিষয় হলো, রেস্তোরাঁটি যে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড রাজ্যে অবস্থিত, সেটি দেশটির আনারস উৎপাদনের প্রধান অঞ্চল হিসেবে পরিচিত। অস্ট্রেলিয়ায় বাণিজ্যিকভাবে উৎপাদিত সব আনারসেরই জোগান আসে এ রাজ্য থেকে।
রাজ্যটির সানশাইন কোস্টে পর্যটকেরা প্রায়ই ‘দ্য বিগ পাইনঅ্যাপল’ নামের ১৬ মিটার উঁচু আনারসের একটি বিশাল মডেলের পাশে ছবি তুলতে থামেন। ফাইবারগ্লাস দিয়ে তৈরি এ স্থাপনাটি ঐতিহ্যবাহী নিদর্শন হিসেবে তালিকাভুক্ত এবং স্থানীয় পরিচিতির অংশ হয়ে উঠেছে।
তবে শুধু পিৎজায় আনারস দেওয়া নিয়ে আপত্তিই নয়, তাম্বুরেলার বিরুদ্ধে আরও কিছু অভিযোগ ছিল। কর্মক্ষেত্রে অশালীন ভাষা ব্যবহার, যোগাযোগের ধরন এবং বিরক্তি প্রকাশের প্রবণতা নিয়ে উদ্বেগ জানিয়েছিল কর্তৃপক্ষ।
কমিশনের নথিতে চলতি বছরের এপ্রিলে ঘটে যাওয়া আরেকটি ঘটনার উল্লেখ রয়েছে। সে সময় একটি ধাতব হাতল বা রেলিংয়ে আঘাত করে তাঁর ডান হাতের হাড় ভেঙে যায়।
তাম্বুরেলা আশা করেছিলেন, রেস্তোরাঁ কর্তৃপক্ষ তাঁর জন্য এমন একটি ভিসার ব্যবস্থা করবে, যার মাধ্যমে দক্ষ কর্মী হিসেবে অস্ট্রেলিয়ায় স্থায়ীভাবে বসবাসের সুযোগ পাওয়া যায়। কিন্তু চাকরি হারানোর পর রেস্তোরাঁ কর্তৃপক্ষ সেই প্রক্রিয়া বন্ধ করে দেয় বলে ট্রাইব্যুনালে জানানো হয়।
তবে অন্যায়ভাবে চাকরিচ্যুতির অভিযোগে করা তাঁর আবেদন খারিজ হয়েছে। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, নির্ধারিত সময়সীমা পেরিয়ে যাওয়ার পর আবেদন করায় তিনি এ দাবি থেকে প্রতিকার পাননি।
রেস্তোরাঁটির ব্যবস্থাপনা পরিচালক এলিয়ট ইনগ্রাম ডেইলি মেইলকে বলেন, ‘এই ঘটনার পেছনে শুধু পিৎজার টপিংয়ের চেয়ে আরও অনেক বিষয় রয়েছে।’
এ বিষয়ে মন্তব্য জানতে বিবিসি তাম্বুরেলার সঙ্গে যোগাযোগ করেছে। তাঁর লিংকডইন প্রোফাইলে নিজেকে এমন একজন শেফ হিসেবে তুলে ধরেছেন, যিনি কর্মজীবনে উন্নত মানের খাবার পরিবেশন এবং ব্যবসার কার্যকারিতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন।
তিন মাস আগে তিনি লিংকডইনে শেফদের উদ্দেশে ‘উপকরণের প্রতি শ্রদ্ধা’ বিষয়ক একটি চিঠিও প্রকাশ করেছিলেন। তাঁর প্রোফাইল অনুযায়ী, বর্তমানে তিনি ব্রিসবেনের অন্য একটি রেস্তোরাঁয় কাজ করছেন। বিবিসির যাচাইয়ে দেখা গেছে, ওই রেস্তোরাঁর মেনুতে আনারস নেই।
ডোনাল্ড ট্রাম্পকে হত্যা করতে ওয়াশিংটনে রনি!
প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনিয়াকে অভিশংসন, গৃহবন্দি
হোয়াইট হাউসের নতুন 'চিফ অব স্টাফ' কে এই স্টিফেন মিলার