ট্রাম্পের প্রেস সেক্রেটারির প্রস্তাব ফিরিয়ে দিলেন ডানা হোয়াইট

আপডেট : ০৮ নভেম্বর ২০২৬, ০৩:২৬ পিএম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির দায়িত্ব নেওয়ার প্রস্তাব পেয়েও তা গ্রহণ করেননি আলটিমেট ফাইটিং চ্যাম্পিয়নশিপের (ইউএফসি) প্রধান নির্বাহী কর্মকর্তা ডানা হোয়াইট। বিষয়টি সম্পর্কে অবগত একটি সূত্র সিএনএনকে জানিয়েছে, ট্রাম্পের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন তিনি।

শনিবার (৭ নভেম্বর) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ডানা হোয়াইটকে নতুন প্রেস সেক্রেটারি হিসেবে নিয়োগের প্রস্তাব দেওয়ার কথা জানান ট্রাম্প। সেখানে তিনি ডানা হোয়াইটকে ‘লড়াকু যোদ্ধা’ হিসেবে উল্লেখ করেন। পোস্টে ট্রাম্প বলেন, ‘আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি, ডানা হোয়াইটকে যুক্তরাষ্ট্রের প্রেস সেক্রেটারির দায়িত্ব নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। তিনি একজন লড়াকু যোদ্ধা।’

পোস্টে ট্রাম্প আরও জানান, ইউএফসির ছয়জন যোদ্ধার নাম উল্লেখ করে তাদের সহকারী হিসেবে সঙ্গে রাখার পরামর্শও দিয়েছেন তিনি। ওই ছয় যোদ্ধার ছবিও পোস্টের সঙ্গে যুক্ত করেন মার্কিন প্রেসিডেন্ট। তার ভাষায়, ‘উন্মাদ’ বামপন্থীদের হাত থেকে আমাদের রক্ষা করতে এসব মানুষকে প্রয়োজন। ডানা হবেন অন্য রকম প্রেস সেক্রেটারি। ডানা, দয়া করে দায়িত্বটি গ্রহণ করুন!

তবে হোয়াইট হাউসের একজন কর্মকর্তা জানিয়েছেন, ট্রাম্পের এই প্রস্তাব ছিল নিছক রসিকতা। এদিকে শনিবার এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে সরাসরি কোনো মন্তব্য করেননি ডানা হোয়াইট। শুধু জানান, সোমবার ওয়াশিংটন ডিসিতে গিয়ে ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের পরিকল্পনা রয়েছে তার।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি পদটি নিয়ে ট্রাম্প প্রশাসনে বেশ কিছুদিন ধরেই অস্থিরতা চলছে। ক্যারোলাইন লেভিট দায়িত্ব ছাড়ার পর নতুন মুখ খুঁজছিলেন ট্রাম্প। এর মধ্যে কেটি জাকারাইয়াকে নিয়োগ দেওয়া হলেও মাত্র পাঁচ দিনের মাথায় তাকে বরখাস্ত করা হয়। একটি সংবাদ সম্মেলন যথাযথভাবে সামলাতে না পারার কারণেই ট্রাম্প তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রেস সেক্রেটারি হিসেবে এটিই ছিল সবচেয়ে স্বল্প সময়ের দায়িত্ব পালনের ঘটনা।

অন্যদিকে, প্রায় দেড় বছর দায়িত্ব পালনের পর গত আগস্টে প্রেস সেক্রেটারির পদ ছাড়েন ক্যারোলাইন লেভিট। সন্তানদের সঙ্গে বেশি সময় কাটানোর জন্য তিনি এ সিদ্ধান্ত নিয়েছিলেন বলে জানিয়েছিলেন। চলতি মাসে তিনি ফক্স নিউজে যোগ দিয়েছেন। প্রেস সেক্রেটারি নিয়োগ নিয়ে ট্রাম্পের এই তৎপরতার পেছনে রাজনৈতিক চাপও কাজ করছে বলে প্রতিবেদনে উঠে এসেছে। কংগ্রেসের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে যাওয়ার পর ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে তদন্তের ঘোষণা দিয়েছে দলটি। ফলে গুরুত্বপূর্ণ এই পদে উপযুক্ত কাউকে নিয়োগ দেওয়া প্রেসিডেন্টের জন্য আরও চ্যালেঞ্জিং হয়ে উঠেছে।

ট্রাম্পের সঙ্গে ডানা হোয়াইটের দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। রিপাবলিকান পার্টির সর্বশেষ তিনটি জাতীয় সম্মেলনে বক্তব্য দিয়েছেন ইউএফসি প্রধান। ট্রাম্পকে আবারও হোয়াইট হাউসে ফিরিয়ে আনার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তিনি। চলতি বছরের শুরুর দিকে ডানা হোয়াইটের রাজনৈতিক ভূমিকা নিয়ে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেছিলেন, ‘তিনি আমাকে এমন কিছু মানুষের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন, যাদের সম্পর্কে আগে কখনো শুনিনি। তরুণ সব ছেলে। আমি দেখলাম, ২০ বছর বয়সী ছেলেরা আমার সাক্ষাৎকার নিচ্ছে। আমি তাকে জিজ্ঞাসা করলাম, এসব মানুষের সঙ্গে আপনার পরিচয় হলো কীভাবে? তারা হলো ইনফ্লুয়েন্সার।’

এদিকে, ডানা হোয়াইটের প্রস্তাব প্রত্যাখ্যানের বিষয়ে বিস্তারিত জানতে হোয়াইট হাউস ও ইউএফসির সঙ্গে যোগাযোগ করেছে সিএনএন। তবে প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত কোনো পক্ষের বক্তব্য পাওয়া যায়নি।

জেএম
আরও পড়ুন