রাশিয়ার সঙ্গে যুদ্ধ শেষে ইউক্রেনের মানচিত্র বদলে যাবে: ট্রাম্প

আপডেট : ০৯ নভেম্বর ২০২৬, ১০:৫৭ এএম

রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধ শেষ হলে ইউক্রেনের ভূখণ্ডের বর্তমান চিত্র বদলে যেতে পারে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর ধারণা, খুব শিগগিরই এ যুদ্ধের অবসান ঘটবে এবং ওয়াশিংটনের মধ্যস্থতায় দুই পক্ষের মধ্যে একটি সমঝোতা হতে পারে। তবে সম্ভাব্য চুক্তিতে ইউক্রেনকে কোনো ভূখণ্ড ছাড়তে হবে কি না, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

রোববার (৮ নভেম্বর) সিবিএস নিউজের ‘৬০ মিনিটস’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এসব কথা বলেন। তিনি বলেন, যুদ্ধ বন্ধে সমঝোতা প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে তিনি মনে করছেন। এর ফলে ইউক্রেনের ভূখণ্ডের আকার বা মানচিত্রে কিছুটা পরিবর্তন আসতে পারে।

যুদ্ধ বন্ধের আলোচনা জটিল হওয়ার জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যকার উত্তেজনাকে দায়ী করেন ট্রাম্প। তাঁর দাবি, এই যুদ্ধের অবসান ঘটবে এবং তা শিগগিরই ঘটবে। আর সেটি সম্ভব হবে তাঁর উদ্যোগের কারণেই।

রুশ প্রেসিডেন্ট পুতিন আলোচনাকে দীর্ঘায়িত করছেন কি না, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প তা নাকচ করেন। একই সঙ্গে রাশিয়ার বিরুদ্ধে নিজের প্রশাসনের কঠোর অবস্থানের কথা তুলে ধরেন তিনি। ট্রাম্প বলেন, তাঁর চেয়ে বেশি কঠোর অবস্থান আর কেউ রাশিয়ার বিরুদ্ধে নেয়নি। এ ক্ষেত্রে রাশিয়ার ওপর আরোপ করা নিষেধাজ্ঞা ও বাণিজ্যিক পদক্ষেপের কথা উল্লেখ করেন তিনি।

রাশিয়ার তেল রপ্তানির সুযোগ অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েও নিজের অবস্থান ব্যাখ্যা করেন ট্রাম্প। এ সিদ্ধান্তের কারণে মস্কোর ওপর চাপ কমেছে বলে সমালোচনা থাকলেও তিনি তা সমর্থন করেন।

ইউক্রেনকে অস্ত্র সরবরাহ অব্যাহত রাখার কথাও জানান মার্কিন প্রেসিডেন্ট। তবে তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইউরোপের কাছে পূর্ণমূল্যে অস্ত্র বিক্রি করছে এবং ইউরোপীয় দেশগুলো সেই অস্ত্র কিনে ইউক্রেনকে দিচ্ছে।

এদিকে, ইলন মাস্কের স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট ব্যবস্থা স্টারলিংকে ইউক্রেনের প্রবেশাধিকার সীমিত করার খবর নিয়েও কথা বলেন ট্রাম্প। এ বিষয়ে কে সিদ্ধান্ত নিয়েছিল, তা তিনি জানেন না বলে জানান। তবে পরে স্টারলিংক সেবা আবার চালু করা হয়েছে এবং ইউক্রেন এখন তা ব্যবহার করতে পারছে বলে উল্লেখ করেন তিনি।

স্টারলিংকের ইন্টারনেটের গতি ইচ্ছাকৃতভাবে কমিয়ে দেওয়া হয়েছিল—এমন কোনো প্রমাণও তিনি দেখেননি বলে জানান ট্রাম্প।

সূত্র: আনাদোলু এজেন্সি

ওয়াইএ
আরও পড়ুন