গহিন বনে অবৈধ সীসা কারখানা, হুমকিতে পরিবেশ ও জীববৈচিত্র্য

আপডেট : ১০ নভেম্বর ২০২৬, ০১:২৩ পিএম

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় গহিন বনের ভেতর পুরোনো ব্যাটারি পুড়িয়ে সীসা তৈরির একটি অবৈধ কারখানা চালানোর অভিযোগ উঠেছে। সাগরদিঘী ইউনিয়নের কামালপুর মালিরচালা এলাকার ওই কারখানা থেকে নির্গত ধোঁয়া ও ক্ষতিকর রাসায়নিক পদার্থে পরিবেশ, জীববৈচিত্র্য ও জনস্বাস্থ্য ঝুঁকির মুখে পড়েছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। তাঁদের দাবি, দীর্ঘদিন ধরে কার্যক্রম চললেও কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকার রহমতুল্লাহ নামের এক ব্যবসায়ী স্থানীয় কয়েকজন প্রভাবশালী রাজনীতিবিদের ছত্রচ্ছায়ায় বনের ভেতরের জমি ভাড়া নিয়ে কারখানাটি গড়ে তুলেছেন। সেখানে প্রাপ্তবয়স্ক ও অপ্রাপ্তবয়স্ক মিলিয়ে প্রায় ৫০ জন শ্রমিক কাজ করেন। কারখানাটির পরিবেশগত ছাড়পত্র ও বৈধ অনুমোদন নেই বলেও জানা গেছে।

স্থানীয়দের অভিযোগ, দিনের বেলায় শ্রমিকেরা পুরোনো ব্যাটারি ভেঙে অ্যাসিড, প্লাস্টিক ও সীসা আলাদা করেন। পরে রাতের আঁধারে মাটির গর্তে তৈরি চুল্লিতে এসব উপাদান পোড়ানো হয়। এ সময় আশপাশের এলাকায় তীব্র ঝাঁঝালো গন্ধ ও কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে।

স্থানীয় বাসিন্দা পরান বলেন, দিনে ব্যাটারি থেকে অ্যাসিড ও সীসা আলাদা করা হয়, আর রাতে সেগুলো পোড়ানো হয়। এতে আশপাশের ফসলি জমি ও বনের গাছপালা ক্ষতিগ্রস্ত হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ইউপি সদস্য জানান, কিছুদিন আগে ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তর যৌথ অভিযান চালিয়ে কারখানাটি ভেঙে দিয়েছিলেন। তবে কিছুদিন বন্ধ থাকার পর আবারও সেখানে উৎপাদন শুরু হয়েছে।

কারখানাটির ব্যবস্থাপক জানান, তাঁদের প্রতিষ্ঠানের এখনো পরিবেশগত ছাড়পত্র ও বৈধ অনুমোদন নেই। তবে অনুমোদনের জন্য কাগজপত্র জমা দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি। তাঁর ভাষ্য, লোকালয় থেকে দূরে গহিন বনে কারখানাটি স্থাপন করায় পরিবেশের তেমন ক্ষতি হবে না।

এ বিষয়ে টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক জহিরুল ইসলাম তালুকদার বলেন, ঘাটাইলের ওই সীসা কারখানাটি সম্পূর্ণ অবৈধ। রাতের আঁধারে ব্যাটারি পোড়ানোয় তাৎক্ষণিক অভিযান পরিচালনা কঠিন হয়ে পড়ে। তবে দ্রুত সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এমইউ
আরও পড়ুন
সর্বশেষপঠিত