জবির বাস লক্ষ্য করে ককটেল নিক্ষেপ, শিক্ষার্থী আটক

আপডেট : ১০ নভেম্বর ২০২৬, ০১:০৫ পিএম

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ক্যাম্পাসের দ্বিতীয় গেটের সামনে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব একটি বাস লক্ষ্য করে ককটেল নিক্ষেপ ও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে রেজওয়ান নামের বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।

সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। বিস্ফোরণে বাসটির সামান্য ক্ষতি হলেও কেউ হতাহত হননি।

প্রত্যক্ষদর্শী ও বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ঘটনার সময় ক্যাম্পাস এলাকায় বৃষ্টি হচ্ছিল। এ সময় দ্বিতীয় গেটের সামনে রাখা বিশ্ববিদ্যালয়ের একটি বাস লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ঘটনার খবর ছড়িয়ে পড়লে ক্যাম্পাসে অবস্থান নেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।

একপর্যায়ে ঘটনাস্থলের আশপাশে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার অভিযোগে ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রেজওয়ানকে আটক করেন তারা। আটককারীদের দাবি, এ সময় তাঁর কাছে একটি ককটেল পাওয়া যায়। তাঁর মোবাইল ফোনেও নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে বলে দাবি করেন ছাত্রদলের নেতাকর্মীরা। পরে তাঁকে কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এর আগে একই দিন বিকেলে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচির প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান কর্মসূচি পালন করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

ঘটনার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক নাসির আহমেদ বলেন, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা নিশ্চিত করতে সার্বক্ষণিক নজরদারি রাখা হচ্ছে। যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, সে বিষয়ে কর্তৃপক্ষ সচেষ্ট রয়েছে।

তিনি আরও বলেন, বিকেলের দিকে সাধারণত প্রথম গেট ছাড়া অন্য গেটগুলো বন্ধ রাখা হয়। ক্যাম্পাসের আশপাশেও নিরাপত্তাকর্মীরা সতর্ক থাকেন। তবে হঠাৎ বৃষ্টি শুরু হওয়ায় তাঁরা হয়তো ভেতরের দিকে অবস্থান করছিলেন। দুর্বৃত্তরা সেই সুযোগ কাজে লাগিয়ে ককটেল নিক্ষেপ করে থাকতে পারে।

এমইউ
আরও পড়ুন