জমকালো আয়োজনের মধ্য দিয়ে আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশন ‘স্কাই বাই বিডি প্রেজেন্টস ড্যাকয়েট অব এক্সিলেন্স ৩.০’-এর পর্দা নামলো। শুক্রবার (১৬ই অক্টোবর) জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের আয়োজনে সেন্ট্রাল অডিটোরিয়ামে কম্পিটিশনটির চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়।
জাতীয় পর্যায়ের এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে মোট ৩৫০টি টিম অংশ নেয়। প্রথম দুটি ধাপের কঠিন প্রতিযোগিতা পেরিয়ে ১০টি টিম ফাইনালিস্ট হয়। চূড়ান্ত পর্ব শেষে বিজয়ী হিসেবে চ্যাম্পিয়ন হিসেবে পুরস্কার অর্জন করে ‘টিম স্কাইফল’। প্রতিযোগিতায় ফার্স্ট রানারআপ হয় ‘টিম ভংচং’ এবং সেকেন্ড রানারআপের স্থান অর্জন করে ‘টিম নেক্রস’।
প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন- ডাবর বাংলাদেশের কমার্শিয়াল প্রফেশনাল মো. আবদুল কাইয়ুম ফাহিম, আকিজ ভেঞ্চার গ্রুপের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (এইচআর) ও জেএনইউসিসির সাবেক সভাপতি জামশেদ আমিন, ইউনাইটেড ফাইন্যান্সিয়াল ট্রেডিং কোম্পানি লিমিটেডের হেড অব বিজনেস ডেভেলপমেন্ট মো. আরাফাত হোসেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ইমরানুল হক এবং ইউনিলিভারের ব্র্যান্ড ম্যানেজার নাইমুর রহমান।
প্রতিযোগিতায় বিজয়ী ও ফাইনালিস্ট টিমগুলোর জন্য মোট ২ লাখ ৩৫ হাজার টাকার প্রাইজপুল প্রদান করা হয়। এর মধ্যে চ্যাম্পিয়ন টিম ১ লাখ টাকা, ফার্স্ট রানারআপ ৬০ হাজার টাকা এবং সেকেন্ড রানারআপ ৪০ হাজার টাকা পুরস্কার পায়। এছাড়া বাকি ৭টি ফাইনালিস্ট টিমের প্রত্যেককে ৫ হাজার টাকা করে পুরস্কার প্রদান করা হয়।
আয়োজন সম্পর্কে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের সাধারণ সম্পাদক রাব্বানী রাশহা রাতুল বলেন, দীর্ঘ সময় পর ‘ড্যাকয়েট অব এক্সিলেন্স’-এর মাধ্যমে আমাদের ক্লাব নিজেদের অন্য এক মাত্রায় নিয়ে যেতে সক্ষম হয়েছে। দেশের সব প্রান্ত থেকে শিক্ষার্থীদের নিয়ে এমন জমজমাট আয়োজন করতে পেরে আমরা আনন্দিত। ইনশাআল্লাহ ভবিষ্যতেও জেএনইউসিসি এই ধারাবাহিকতা বজায় রাখবে।
প্রসঙ্গত, তিন ধাপের এই প্রতিযোগিতার প্রথম পর্বে বাস্তবমুখী ব্যবসায়িক সমস্যা সমাধান এবং দ্বিতীয় পর্বে নির্ধারিত পণ্যের প্রচারণায় অনলাইন ভিডিও বিজ্ঞাপন (ওভিসি) তৈরি করতে হয় অংশগ্রহণকারীদের। শুক্রবার শেষ ধাপে ১০টি ফাইনালিস্ট টিম বিচারক প্যানেলের সামনে নিজেদের প্রস্তুতকৃত চূড়ান্ত কেস সমাধান ও প্রেজেন্টেশন উপস্থাপন করে।
জাতীয় পর্যায়ের এ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
নেহা বোরা মুক্ত, আদালতে পেশ করা হবে অভিজিৎ দীপকেকে
চুয়েটের নতুন ভিসির নেতৃত্বে সিন্ডিকেট সভায় ৩ সিদ্ধান্ত
পরীক্ষার্থীদের সঙ্গে ৮ থেকে ১০ লাখ টাকায় চুক্তি!