জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) হবিগঞ্জ জেলা কমিটির ক্রীড়া সম্পাদক ফজলুল করিম পদত্যাগ করেছেন। সোমবার (৯ নভেম্বর) রাত ১০টার দিকে ফেসবুক লাইভে এসে তিনি দল থেকে স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দেন। প্রায় আট মিনিটের ভিডিও বার্তায় দলটির কয়েকজন কেন্দ্রীয় নেতার বিরুদ্ধে নানা অভিযোগও তোলেন তিনি।
ভিডিও বার্তায় এনসিপির কেন্দ্রীয় নেতা সারজিস আলমকে ‘ভণ্ড প্রতারক’ আখ্যা দিয়ে ফজলুল করিম বলেন, মুখে এক কথা বলা হলেও কাজে তার প্রতিফলন নেই। সাধারণ কর্মীদের আবেগ নিয়ে খেলা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
ফজলুল করিমের ভাষ্য, নতুন দল ও নতুন আশার কথা বলে মানুষকে আকৃষ্ট করা হয়েছিল। কিন্তু বাস্তবে প্রত্যাশিত পরিবর্তন আসেনি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘নতুন দল, নতুন আশা বলে মানুষকে দেখানো হয়েছিল মধুর বোতল। কিন্তু ভেতরে ভরে দেওয়া হয়েছে পুরোনো মদ। এখন জাতি বুঝে গেছে, এটা নতুন কিছু নয়, সেই পুরোনো রাজনীতিই ফিরে এসেছে।’
পদত্যাগের কারণ ব্যাখ্যা করে তিনি জানান, বিশ্বাস করে এনসিপিতে যোগ দিয়েছিলেন। তাঁর প্রত্যাশা ছিল, দলটিতে চাঁদাবাজি, দালালি ও প্রতারণার স্থান থাকবে না। কিন্তু বাস্তবে সেই প্রত্যাশার প্রতিফলন না ঘটায় এ রাজনীতির সঙ্গে আর থাকতে চান না তিনি।
ভিডিওতে ফজলুল করিম আরও অভিযোগ করেন, হবিগঞ্জ জেলা ও উপজেলা পর্যায়ের কমিটিতে মাদক কারবারি, দুর্নীতিবাজ ও অসাধু ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়েছে। কমিটি গঠনে কেন্দ্রীয় নেতা নাহিদ উদ্দিন তারেকের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগও তোলেন তিনি। তাঁর দাবি, যোগ্যতা ও সাংগঠনিক দক্ষতার পরিবর্তে ব্যক্তিগত পছন্দ-অপছন্দের ভিত্তিতে কমিটি গঠন করা হচ্ছে।
অভিযোগের পক্ষে প্রমাণ হিসেবে ভিডিওতে টেবিলে রাখা হাতে লেখা কিছু কাগজ ও মোবাইল ফোনে থাকা কয়েকটি হোয়াটসঅ্যাপ বার্তা ক্যামেরার সামনে তুলে ধরেন ফজলুল করিম।
ভিডিওর শেষ দিকে পদত্যাগের ঘোষণা দিয়ে তিনি বলেন, ‘আজ থেকে আমি এনসিপির কোনো পদ-পদবিতে নেই। আমি দল থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলাম।’
এদিকে, ফজলুল করিমের পদত্যাগ ও তাঁর উত্থাপিত অভিযোগের বিষয়ে প্রতিবেদন লেখা পর্যন্ত সারজিস আলম, নাহিদ উদ্দিন তারেক কিংবা এনসিপির কেন্দ্রীয় নেতৃত্বের বক্তব্য পাওয়া যায়নি।
কক্সবাজারের হোটেল-মোটেল জোনে অগ্নকাণ্ড
পোস্টে লাইক কমেন্ট কম পড়লে কি মন খারাপ হয়, তাহলে জানুন আপনি কি সমস্যায় ভুগছেন?