ভারতের দক্ষিণাঞ্চলীয় তামিলনাড়ু রাজ্যে টাটা ইলেকট্রনিকসের একটি কারখানায় দুর্ঘটনায় তিন চুক্তিভিত্তিক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (৯ নভেম্বর), স্থানীয় সময় রাতে, কারখানাটিতে রক্ষণাবেক্ষণের কাজ করার সময় বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে তাদের মৃত্যু হয়।
কারখানাটিতে অ্যাপলের আইফোনের বিভিন্ন যন্ত্রাংশ তৈরি করা হয়। এ ঘটনায় তদন্তের ঘোষণা দিয়েছে স্থানীয় প্রশাসন। একই সঙ্গে অ্যাপল ও টাটা গ্রুপও দুর্ঘটনার কারণ খতিয়ে দেখবে।
জেলার কর্মকর্তা দিনেশ কুমার জানান, তামিলনাড়ুর হোসুরে অবস্থিত কারখানার বর্জ্য পরিশোধনাগারে রক্ষণাবেক্ষণের কাজ করছিলেন ওই তিন শ্রমিক। এ সময় একটি বাহ্যিক ন্যানো-ফিল্ট্রেশন ট্যাংক পরিদর্শনের সময় গ্যাসের সংস্পর্শে আসেন তারা। এতে শ্বাসকষ্টসহ গুরুতর অসুস্থ হয়ে তাদের মৃত্যু হয়।
তিনি আরও জানান, কারখানাটির বর্জ্য পরিশোধনাগার পরিচালনার দায়িত্বে রয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান ইকোল্যাবের সহযোগী প্রতিষ্ঠান নালকো ওয়াটার।
রাজ্য সরকারের কর্মকর্তা এবং সংশ্লিষ্ট শিল্প খাতের দুটি সূত্র জানিয়েছে, ঘটনার তদন্ত করবে অ্যাপল, টাটা এবং রাজ্য কর্তৃপক্ষ। তবে এ বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি।
চীননির্ভরতা কমাতে, গত কয়েক বছরে, ভারতে, উৎপাদন কার্যক্রম সম্প্রসারণ করেছে অ্যাপল। বর্তমানে বিশ্বের মোট আইফোনের প্রায় ২৫ শতাংশ ভারতে উৎপাদিত হয়। দেশটিতে আইফোন সংযোজনের বড় অংশই পরিচালনা করছে টাটা গ্রুপের ইলেকট্রনিকস বিভাগ। প্রায় ৪০ শতাংশ আইফোন সংযোজনের দায়িত্বে রয়েছে প্রতিষ্ঠানটি। বাকি অংশ তৈরি করছে তাইওয়ানের প্রযুক্তিপ্রতিষ্ঠান ফক্সকন।
তবে সাম্প্রতিক মাসগুলোতে ভারতে আইফোন উৎপাদন কার্যক্রম পরিচালনায় একাধিক চ্যালেঞ্জের মুখে পড়েছে টাটা গ্রুপ। এর মধ্যে রয়েছে র্যানসমওয়্যার সাইবার হামলা এবং পানি দূষণসংক্রান্ত উদ্বেগ।
তামিলনাড়ু ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল। ফক্সকন, হুন্দাই, ভিনফাস্ট ও বিএমডব্লিউর মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানের কারখানাও রয়েছে এ রাজ্যে। তিন শ্রমিকের মৃত্যুর ঘটনায় পূর্ণাঙ্গ তদন্তের আশ্বাস দিয়েছেন রাজ্যটির শিল্পমন্ত্রী বিরুধাই মাগাল কীর্তনা।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, 'শ্রমিকদের মৃত্যুর ঘটনাটি পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করা হবে এবং তদন্তের ফলাফলের ভিত্তিতে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।'
সংশ্লিষ্ট শিল্প খাতের সূত্রগুলো জানিয়েছে, দুর্ঘটনার কারণে কারখানাটির উৎপাদনে কোনো প্রভাব পড়েনি। কারণ, হিন্দু ধর্মাবলম্বীদের দীপাবলি উৎসব উপলক্ষে চলতি সপ্তাহে কারখানাটি বন্ধ ছিল। তবে অ্যাপল ও টাটা: উভয় প্রতিষ্ঠানই দুর্ঘটনার বিষয়টি তদন্ত করবে।
হোসুরে টাটার এই কারখানাটি আগেও বেশ কয়েকটি সমস্যার মুখে পড়েছে। ২০২৪ সালে, কারখানার যন্ত্রাংশ উৎপাদন ইউনিটে অগ্নিকাণ্ডের কারণে উৎপাদন বন্ধ হয়ে যায়। এছাড়া চলতি বছর ভূগর্ভস্থ পানি দূষণের অভিযোগে কারখানাটি বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিল রাজ্য কর্তৃপক্ষ। তবে পরে সে সিদ্ধান্ত থেকে সরে আসে তারা।
অন্যদিকে, একই কম্পাউন্ডে অবস্থিত আরেকটি আইফোন কারখানায় র্যানসমওয়্যার সাইবার হামলার ঘটনাও ঘটেছে। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ওই হামলায় অ্যাপলের তৎকালীন অপ্রকাশিত আইফোন ১৮ প্রো মডেল-সংশ্লিষ্ট বিভিন্ন নথি ফাঁস হয়ে যায়।
‘বাহুবলী’ নেতার মেয়ের বিয়েতে ৪ লাখ মানুষকে আমন্ত্রণ
আতঙ্কে পেছনের ফটক দিয়ে বের করা হলো জ্বালানি মন্ত্রীকে
চাকরি হারাচ্ছেন অস্ট্রেলিয়ার বিমান সংস্থা কোয়ান্টাসের ৮৫০ কর্মী