শ্রমিক শোষণ বন্ধে কঠোর হচ্ছে মালয়েশিয়ার সরকার

আপডেট : ১১ নভেম্বর ২০২৬, ০২:২৭ এএম

মালয়েশিয়ায় প্রবাসী শ্রমিকদের অমানবিক জীবনযাপন এবং সিন্ডিকেটের দৌরাত্ম্য নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। এজেন্টদের বাড়তি ফি ও কারসাজি বন্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

সম্প্রতি ‘মালয়েশিয়া মাদানিয়ান স্কলার্স ফোরাম’ (এফআইএম)-এর এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নিজেই মডারেটর হিসেবে বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন। তিনি শ্রমিকদের এই দুরবস্থাকে সরাসরি ‘আধুনিক দাসত্ব’ হিসেবে বর্ণনা করেন।

আনোয়ার ইব্রাহিম জানান, অনেক শ্রমিককে অস্বাস্থ্যকর পরিবেশে রাখা হচ্ছে এবং অতিরিক্ত নিয়োগ খরচের মাধ্যমে তাদের শোষণ করা হচ্ছে। মধ্যস্বত্বভোগীদের পাসপোর্ট আটকে রাখা ও বেতন না দেওয়ার মতো অন্যায় কঠোরভাবে দমনের আশ্বাস দেন তিনি।

নিয়োগ খরচ যৌক্তিক পর্যায়ে রাখতে শ্রমভিত্তিক দেশগুলোর সাথে আলোচনা চলছে বলে জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। এর উদ্দেশ্য হলো শ্রমিকদের ওপর যেন অতিরিক্ত খরচের আর্থিক বোঝা তৈরি না হয়।

তিনি আরও উল্লেখ করেন, পাম অয়েলসহ কিছু ভারী কাজের জন্য এখনো বিদেশি শ্রমিকের প্রয়োজন রয়েছে। তাই সরকার নিয়ন্ত্রিত উপায়ে শ্রমিক নিয়োগের অনুমোদন দেবে, তবে নিয়োগকর্তাদেরও স্বয়ংক্রিয় প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে।

এইচএন
আরও পড়ুন