ফিলিস্তিনের গাজা সিটিতে বেসামরিক নাগরিকদের ওপর দখলদার ইসরায়েলি বাহিনীর বিমান হামলা অব্যাহত রয়েছে। শহরের দক্ষিণ-পূর্বাঞ্চলের জয়তুন এলাকায় বাস্তুচ্যুত মানুষের এক আশ্রয়কেন্দ্রে হামলা চালিয়েছে ইসরায়েল।
মঙ্গলবার (১০ নভেম্বর) আল-আহলি হাসপাতালের বরাতে আল জাজিরা এ তথ্য জানিয়েছে।
আচমকা চালানো এই হামলায় এক শিশুসহ অন্তত দুই ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। এছাড়া এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন বেসামরিক নাগরিক।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই ভবনটিতে বাস্তুচ্যুত পরিবারগুলো আশ্রয় নিয়েছিলেন। মঙ্গলবার আশ্রয়কেন্দ্রটির ছাদ লক্ষ্য করে সরাসরি বোমাবর্ষণ করে ইসরায়েলি যুদ্ধবিমান।
আল-আহলি হাসপাতাল কর্তৃপক্ষ হতাহতের বিষয়টি নিশ্চিত করেছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, আহতদের দ্রুত উদ্ধারের পর চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।
গাজায় বাস্তুচ্যুত মানুষের নিরাপদে থাকার জায়গা দিন দিন কমে আসছে। আশ্রয়কেন্দ্রগুলোতে এমন ঘনঘন হামলায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
সূত্র: আল জাজিরা
এরদোগানের সাথে প্রধানমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত
২৩ বছর পর সাফ জয়ের স্বপ্ন দেখছেন হামজা