শিক্ষাসফরের নামে রিসোর্ট ভাড়া, গ্রেফতার ১

সীমান্ত পেরিয়ে সিলেটে গোপন সভা, ফের ভারতে আওয়ামী লীগ নেতা!

আপডেট : ১১ নভেম্বর ২০২৬, ০২:৫৬ এএম

ভারত থেকে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে এসে সিলেটে গোপন বৈঠক এবং পুনরায় সীমান্ত দিয়ে ওপারে ফিরে যাওয়ার চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে সাবেক সংসদ সদস্য রনজিত সরকারের বিরুদ্ধে। কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের এই নেতা গোয়াইনঘাটের একটি ইকো রিসোর্টে সভা শেষে কোম্পানীগঞ্জ সীমান্ত দিয়ে ভারতে ফেরেন বলে জানা গেছে।

শিক্ষাসফরের অজুহাতে রিসোর্টটি ভাড়া নিয়ে সেখানে এই সভার আয়োজন করা হয়। সভাটির ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়ার পর আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত শুরু করে এবং এতে উপস্থিত থাকার সূত্রে তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান তারা মিয়াকে গ্রেফতার করে।

গোয়াইনঘাট উপজেলার রাতারগুল এলাকার ‘সোহেল স্কয়ার-ইকো রিসোর্ট’-এ এই রাজনৈতিক বৈঠক অনুষ্ঠিত হয়। সভার শুরুতে সেখানে শিক্ষাসফরের ব্যানার টানানো হলেও পরে দলীয় ব্যানার ঝুলিয়ে কার্যক্রম পরিচালনা করা হয়। রনজিত সরকার প্রকাশ্যে সীমান্তে কড়া নজরদারির মাঝেও কীভাবে দেশে প্রবেশ ও প্রস্থান করলেন, তা নিয়ে প্রশ্ন উঠছে।

এর আগে সভার প্রকৃত স্থান নিয়ে সিলেট ও সুনামগঞ্জ জেলা পুলিশের বক্তব্য এবং বিজিবির মন্তব্যে বেশ ধোঁয়াশার সৃষ্টি হয়। তবে গ্রেফতারকৃত নেতা তারা মিয়ার দেওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তীতে রাতারগুলের রিসোর্টটি সভাস্থল হিসেবে নিশ্চিতভাবে শনাক্ত করা হয়।

প্রকাশিত ভিডিওতে দেখা যায়, সভার ব্যানারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যাবর্তন সংক্রান্ত বিভিন্ন বক্তব্য তুলে ধরা হয়। সেখানে চার উপজেলার নেতাকর্মীদের প্রস্তুত থাকারও আহ্বান জানান আয়োজকরা। ঘটনার সাথে জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্ত ও আইনি ব্যবস্থা গ্রহণে অভিযান অব্যাহত রয়েছে।

এইচএন
আরও পড়ুন