চিকিৎসা শেষে ফের কারাগারে ইমরান খান

আপডেট : ১১ নভেম্বর ২০২৬, ১১:৫৯ এএম

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে চিকিৎসার জন্য মঙ্গলবার (১০ নভেম্বর) গভীর রাতে ইসলামাবাদের একটি হাসপাতালে নেওয়া হয়। প্রয়োজনীয় চিকিৎসা শেষে তাঁকে আবার কারাগারে ফিরিয়ে নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাতে জানা গেছে।

রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি ইমরান খানের চোখ পরীক্ষা করা হয় ইসলামাবাদের পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (পিআইএমএস) হাসপাতালে। বুধবার এক কর্মকর্তা জানান, তাঁর রক্তচাপজনিত কিছু সমস্যা দেখা দিয়েছিল। মঙ্গলবার রাতে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার পর তাঁকে কারাকক্ষে ফিরিয়ে নেওয়া হয়েছে।

ক্রিকেটার থেকে রাজনীতিতে আসা ইমরান খান ২০২২ সালে অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হওয়ার পর একাধিক দুর্নীতির মামলার মুখোমুখি হন। তিন বছরের বেশি সময় ধরে তিনি কারাগারে রয়েছেন। তাঁর বিরুদ্ধে দেওয়া একটি ছাড়া বাকি সব দণ্ড স্থগিত অথবা বাতিল হয়েছে। এসব মামলায় আপিলের শুনানি এখনো চলমান। ইমরান খান তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে আসছেন। তাঁর দাবি, রাজনৈতিক উদ্দেশ্যে এসব মামলা করা হয়েছে। তবে পাকিস্তান সরকার এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে।

ইমরান খানের আইনজীবীদের দাবি, কারাগারে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়েছে এবং ডান চোখের দৃষ্টিশক্তি উল্লেখযোগ্যভাবে কমে গেছে। গত আগস্টের পর এবারই প্রথম তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া এবং পরে আবার কারাগারে ফিরিয়ে আনার খবর জানা গেল। আগস্টেও তাঁকে হাসপাতালে নেওয়া হলেও সেই চিকিৎসাসেবা নির্ধারিত সময়ের আগেই শেষ করা হয়েছিল।

এদিকে পাকিস্তানের একটি আদালত কারা কর্তৃপক্ষকে ইমরান খানের আইনজীবী দলকে তাঁর সঙ্গে দেখা করার সুযোগ দেওয়ার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে তাঁর স্ত্রীকেও সাক্ষাতের অনুমতি দিতে বলা হয়েছে বলে জানিয়েছে তাঁর দল।

ইমরান খানের দলের উপপ্রধান শাহ মাহমুদ কুরেশিকেও মঙ্গলবার লাহোরের একটি কারাগার থেকে একই শহরের হাসপাতালে নেওয়া হয়েছে। তিনি এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সূত্র: রয়টার্স

ওয়াইএ
আরও পড়ুন