শেরপুরে শিশু অপহরণ মামলায় চার আসামির ১৪ বছরের কারাদণ্ড

আপডেট : ১২ নভেম্বর ২০২৬, ১০:১১ এএম

শেরপুরের নালিতাবাড়ীতে সাত বছর বয়সী এক শিশুকে অপহরণ করে পরিবারের কাছে মুক্তিপণ দাবির মামলায় চার আসামিকে ১৪ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাঁদের আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

বুধবার (১১ নভেম্বর) বিকেলে শেরপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক বাহাউদ্দিন আহমেদ এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আশরাফুন্নাহার রুবী।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন- নালিতাবাড়ী উপজেলার সোহাগপুর গ্রামের আকবর আলীর ছেলে রাইসুল হুদা (৩৪), আবুল কাশেমের ছেলে বোরহান উদ্দিন (৩৭), মো. আরব আলীর ছেলে জামিরুল ইসলাম (৩৯) এবং মো. সাহেদউল্লার ছেলে আব্দুল্লাহ আল মামুন বাবু (৩২)।

আদালত ও মামলা সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ১৪ আগস্ট নালিতাবাড়ী শহরের দক্ষিণ গড়কান্দা সাহাপাড়া এলাকা থেকে সাত বছর বয়সী শিশুটিকে অপহরণ করেন আসামিরা। পরে তার পরিবারের কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়। তবে আর্থিক অসচ্ছলতার কারণে পরিবারটি সেই টাকা দিতে পারেনি।

পরদিন জামালপুরের নারিকেলী বাজার থেকে শিশুটিকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়। পরে ২০১৪ সালের ৯ সেপ্টেম্বর শিশুটি রাইসুল হুদাকে শনাক্ত করে। তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি অপহরণের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন এবং সহযোগীদের নাম জানান।

এ ঘটনায় ওই দিনই শিশুটির বাবা বাদী হয়ে নালিতাবাড়ী থানায় চারজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও দুজনকে আসামি করে মামলা করেন। তদন্ত শেষে নালিতাবাড়ী থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) মো. রুহুল আমিন তালুকদার ২০১৪ সালের ২৬ ডিসেম্বর চার আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন।

বিচার চলাকালে মামলার বাদী, ভুক্তভোগী শিশু, জবানবন্দি গ্রহণকারী ম্যাজিস্ট্রেট ও তদন্ত কর্মকর্তাসহ একাধিক সাক্ষীর সাক্ষ্য নেন আদালত। সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় চার আসামিকে এ দণ্ড দেওয়া হয়।

রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত দুই আসামি রাইসুল হুদা ও জামিরুল ইসলামকে সাজা পরোয়ানামূলে জেলা কারাগারে পাঠানো হয়েছে। অপর দুই আসামি বোরহান উদ্দিন ও আব্দুল্লাহ আল মামুন বাবু পলাতক থাকায় তাঁদের বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করেছেন আদালত।

এমইউ
আরও পড়ুন
সর্বশেষপঠিত