যুক্তরাষ্ট্র আবার ইরানে সামরিক হামলা চালালে পশ্চিম এশিয়া থেকে ইউরোপ পর্যন্ত যেসব মার্কিন সামরিক ঘাঁটি ওই অভিযানে অংশ নেবে, সেগুলোকে লক্ষ্যবস্তু করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা মোহসেন রেজাই। তার ভাষায়, নতুন করে যুদ্ধ শুরু হলে কোনো মার্কিন ঘাঁটিই নিরাপদ দূরত্বে থাকবে না।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মহাসচিব রেজাই বলেন, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে নতুন যুদ্ধ শুরু করলে পশ্চিম এশিয়া থেকে ইউরোপ পর্যন্ত আগ্রাসনে অংশ নেওয়া প্রতিটি সামরিক ঘাঁটি ইরানের পাল্টা হামলার বৈধ লক্ষ্যবস্তু হবে। তিনি আরও লেখেন, ‘নিরাপদ দূরত্ব নেই, নিরাপদ আশ্রয় নেই, দায়মুক্তিও নেই।’
প্রতিবেদন অনুযায়ী, গত মাসের শেষ দিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ মোজতবা খামেনি সামরিক বাহিনীর জ্যেষ্ঠ কমান্ডারদের সম্ভাব্য শত্রু হুমকির বিরুদ্ধে তাৎক্ষণিক ও শক্তিশালী জবাবের প্রস্তুতি নিতে নির্দেশ দেন। এ ক্ষেত্রে কোনো ভৌগোলিক সীমাবদ্ধতা না রাখার কথাও বলা হয়।
সশস্ত্র বাহিনীর কমান্ডারদের সঙ্গে বৈঠকে খামেনি বলেন, শত্রুর বিরুদ্ধে শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলতে বিচক্ষণ সামরিক প্রস্তুতি অপরিহার্য। ইরানের বিরুদ্ধে আবার সামরিক বা সন্ত্রাসী হামলা হলে কখন এবং কীভাবে সেই হামলার অবসান ঘটবে, তা ইরানের সশস্ত্র বাহিনী ও জনগণ নির্ধারণ করবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। এছাড়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক ও বেসামরিক অবকাঠামোসহ সব ধরনের সম্পদকে ইরানের সশস্ত্র বাহিনীর নাগালের মধ্যে আনতে সামরিক লক্ষ্যবস্তুর তালিকা হালনাগাদের নির্দেশ দেওয়া হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
এদিকে ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল আলী আবদোল্লাহি সম্প্রতি ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) অ্যারোস্পেস ফোর্সের একটি নতুন ‘মিসাইল সিটি’ উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন। বুধবার রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে সশস্ত্র বাহিনীর উপপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল কিউমার্স হেইদারি বলেন, ইরানের সামরিক সক্ষমতার পুরোটা এখনো প্রকাশ করা হয়নি। বিশেষ করে নতুন ক্ষেপণাস্ত্র স্থাপনায় সংরক্ষিত সক্ষমতার সবকিছু সামনে আসেনি। তিনি এসব সামরিক অর্জনকে দেশের গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা সক্ষমতা হিসেবে বর্ণনা করেন। তার দাবি, শত্রুপক্ষ নতুন করে কোনো পদক্ষেপ নিলে ইরানের গোপন সামরিক সক্ষমতার ব্যবহার দেখতে পাবে বিশ্ব।
রেজাইয়ের হুঁশিয়ারি এবং ইরানের সামরিক কর্মকর্তাদের সাম্প্রতিক বক্তব্যে নতুন করে সংঘাত শুরু হলে তার পরিধি শুধু ইরান ও আশপাশের অঞ্চলে সীমাবদ্ধ না থাকার সম্ভাবনার ইঙ্গিত দেওয়া হয়েছে। তবে কোন কোন মার্কিন ঘাঁটি সম্ভাব্য লক্ষ্যবস্তু হবে, কিংবা এমন হামলার বাস্তব সামরিক সক্ষমতা কতটা, তা প্রতিবেদনে নির্দিষ্ট করে বলা হয়নি।
ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টের পদত্যাগ
‘ইরানে ১৫ লাখ টন কার্বন ছড়িয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল’
যুক্তরাষ্ট্রের ‘সন্ত্রাসবাদের’ অভিযোগ ভিত্তিহীন প্রোপাগান্ডা: ইসমাইল বাঘাই
ইসরায়েল থেকে ফোনে নজরদারির প্রযুক্তি কিনছে ভারত!