আমিরাতে ২৩ গাড়ির সংঘর্ষে নিহত ১৪

আপডেট : ১৩ নভেম্বর ২০২৬, ০১:৪৫ এএম

সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ অঞ্চলে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১৪ জন প্রাণ হারিয়েছেন। ১৮টি সাধারণ গাড়ি ও পাঁচটি ভারী ট্রাকের মধ্যে এই মর্মান্তিক সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হয়েছেন আরও ৩০ জন।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত প্রাথমিক তদন্ত প্রতিবেদনে এই হতাহতের বিষয়টি নিশ্চিত করা হয়। প্রতিবেদনে জানানো হয়েছে, বুধবার মধ্যরাতের ঠিক আগমুহূর্তে ফুজাইরাহ শহরের প্রবেশপথে এই বিপর্যয় নেমে আসে।

দুর্ঘটনার কারণ হিসেবে মন্ত্রণালয় জানায়, একটি ট্রাকের চালক হঠাৎ গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা অপর একটি ট্রাককে সজোরে ধাক্কা দেয়। ধাক্কার তীব্রতায় ট্রাক দুটি মূল সড়ক থেকে ছিটকে পড়ে।

সড়ক থেকে ছিটকে যাওয়া ট্রাক দুটি পাশেই যানজটে আটকে থাকা সারিবদ্ধ গাড়িগুলোর ওপর আছড়ে পড়ে। দুর্ঘটনার পরপরই একটি ট্রাকে আগুন ধরে যায় এবং মুহূর্তের মধ্যেই সেই লেলিহান শিখা আশপাশের বেশ কয়েকটি যানবাহনে ছড়িয়ে পড়ে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় উল্লেখ করেছে, খবর পাওয়ার পর থেকেই জরুরি উদ্ধারকারী দল ও বিশেষজ্ঞ ইউনিট ঘটনাস্থলে কাজ শুরু করে। আহত ৩০ জনের মধ্যে ১৫ জন প্রাথমিক চিকিৎসা শেষে ইতোমধ্যে হাসপাতাল ছেড়েছেন, তবে বাকি ১৫ জন এখনো চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় পুলিশ জানিয়েছে, নিহত ১৪ জনের মধ্যে আমিরাতের নিজস্ব নাগরিকের পাশাপাশি বেশ কয়েকজন প্রবাসীও রয়েছেন। আগুনে পুড়ে যাওয়ায় মরদেহগুলো শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে, তাই পরিচয় নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষার সহায়তা নেওয়া হচ্ছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে, এই দুর্ঘটনায় আহতদের তালিকায় সংযুক্ত আরব আমিরাত ছাড়াও ভারত, পাকিস্তান, ওমান, জর্ডান, মিসর ও ব্রাজিলের নাগরিক রয়েছেন।

সূত্র: আল জাজিরা 

এইচএন
আরও পড়ুন
সর্বশেষপঠিত