মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে ইরানের সঙ্গে চলমান কূটনৈতিক আলোচনা থেকে সরে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে তিনি এই আকস্মিক সিদ্ধান্তের কথা জানান।
তেহরান ইস্যুর পরিবর্তে ভ্যান্সকে এখন যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাট-শাসিত শহর ও অঙ্গরাজ্যগুলোর পরিস্থিতির ওপর সর্বাত্মক নজর দিতে বলা হয়েছে।
ট্রাম্পের মতে, দেশের অভ্যন্তরীণ প্রশাসন সামলানোই এখন সবচেয়ে জরুরি।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক বার্তায় ট্রাম্প স্পষ্ট জানান, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো চুক্তির প্রয়োজন নেই।
তিনি দাবি করেন, ইরানের শত শত বিলিয়ন ডলারের অর্থ এবং গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী এখন ওয়াশিংটনের নিয়ন্ত্রণে রয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট আরও অভিযোগ করেন, মিনেসোটা, ক্যালিফোর্নিয়া ও ইলিনয়ের মতো ডেমোক্র্যাট অধ্যুষিত ‘ব্লু স্টেট’গুলোতে চরম অব্যবস্থাপনা ও দুর্নীতি চলছে। সেখানে প্রতি মাসে বিলিয়ন বিলিয়ন ডলার লুটপাট হচ্ছে বলে তিনি মন্তব্য করেন।
ট্রাম্পের বিশ্বাস, এই বড় আকারের অপরাধ ও দুর্নীতি দমন করতে পারলেই যুক্তরাষ্ট্রের জাতীয় বাজেট দ্রুত ভারসাম্যপূর্ণ হয়ে উঠবে। এজন্যই তিনি ভাইস প্রেসিডেন্ট ভ্যান্সকে ওই অঙ্গরাজ্যগুলোর দুর্নীতির বিরুদ্ধে কঠোর হওয়ার দায়িত্ব দিয়েছেন।
এর ঠিক একদিন আগে বুধবার প্রভাবশালী সংবাদমাধ্যম ‘ওয়াল স্ট্রিট জার্নাল’ এক প্রতিবেদনে জানিয়েছিল, ওয়াশিংটনের প্রধান মধ্যস্থতাকারী হিসেবে ভ্যান্স ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহসেন রেজাইয়ের সঙ্গে সরাসরি বৈঠকের কথা ভাবছেন।
মার্কিন ও মধ্যপ্রাচ্যের কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছিল, বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনারের চেয়েও ভ্যান্স তেহরানের সঙ্গে যোগাযোগে বেশি সক্রিয় ছিলেন। এমনকি ট্রাম্পও শুরুতে ভ্যান্সকে সমঝোতার সবুজ সংকেত দিয়েছিলেন।
তবে কূটনৈতিক বিশ্লেষকদের মতে, তেহরানের সঙ্গে সরাসরি আলোচনায় বসা ভ্যান্সের জন্য বড় ধরনের রাজনৈতিক ঝুঁকি ছিল। ইরান বড় কোনো ছাড় না দিলে ব্যর্থ আলোচনার সব দায় তার ওপরই বর্তাতো, যা ট্রাম্পের নতুন সিদ্ধান্তে আপাতত এড়ানো গেল।
সূত্র: ওয়াইনেট
আমিরাতে ২৩ গাড়ির সংঘর্ষে নিহত ১৪
অবসরে গেলেন বিমানবাহিনীর ৫ কর্মকর্তা
ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী