ইরানের সঙ্গে যুদ্ধে বারবার পরাজয়ের মুখে পড়েও শত্রুপক্ষ শিক্ষা না নিলে তাদের আরও বড় পরিণতির মুখোমুখি হতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) প্রধান কমান্ডার মেজর জেনারেল আহমদ ওয়াহিদি।
শুক্রবার (১৩ নভেম্বর) তেহরানে আট বছরব্যাপী ইরান-ইরাক যুদ্ধের সময় নিহত ১১০ জন অজ্ঞাতপরিচয় শহীদের জানাজা ও শেষকৃত্য অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ হুঁশিয়ারি দেন। হজরত ফাতেমা (সা.)-এর শাহাদাতবার্ষিকী উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ওয়াহিদি বলেন, শত্রুপক্ষকে তাদের বারবার পরাজয় থেকে শিক্ষা নিতে হবে। তা না হলে তাদের আরও বড় শিক্ষা দেওয়া হবে।
তিনি আরও বলেন, ‘আগ্রাসনের যেকোনো চেষ্টা—তা যত সামান্যই হোক না কেন—তার জবাব দেওয়া হবে ধ্বংসাত্মক ও যন্ত্রণাদায়ক আঘাতের মাধ্যমে।’
এর আগে বুধবার ইরানের জাতীয় মহাকাশ ও মহাকাশ প্রযুক্তি দিবস উপলক্ষে দেওয়া বক্তব্যেও ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে কঠোর অবস্থানের কথা জানান আইআরজিসি প্রধান। দিনটি ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির অন্যতম প্রধান স্থপতি হিসেবে পরিচিত শহীদ হাসান তেহরানি মোকাদ্দামের শাহাদাতবার্ষিকী উপলক্ষে পালন করা হয়।
ওয়াহিদি বলেন, হুমকি কিংবা নিষেধাজ্ঞা দিয়ে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির অগ্রযাত্রা থামানো যাবে না। এই কর্মসূচি রক্ত ও বিশ্বাসের শক্তিতে এগিয়ে চলবে।
তিনি স্মরণ করেন, হাসান তেহরানি মোকাদ্দাম সীমিত সামর্থ্য নিয়েও সৃষ্টিকর্তার ওপর গভীর আস্থা রেখে ইরানের প্রথম ক্ষেপণাস্ত্র নির্মাণ করেছিলেন। একই চেতনায় বর্তমান প্রজন্মের যোদ্ধারা পাহাড়ের গভীরে ও ভূগর্ভস্থ স্থাপনায় দেশের সামরিক সক্ষমতা গড়ে তুলছেন।
ওয়াহিদির ভাষায়, শহীদ তেহরানি মোকাদ্দামের দেখানো পথ হুমকি বা নিষেধাজ্ঞায় থামানো সম্ভব নয়। রক্ত ও বিশ্বাসের মধ্য দিয়ে সেই পথ এগিয়ে যাচ্ছে।