হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের এমকিউ-১ ড্রোন ভূপাতিত করলো ইরান

আপডেট : ১৩ নভেম্বর ২০২৬, ০৫:৫৯ পিএম

হরমুজ প্রণালির ওপর যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-১ ড্রোন ভূপাতিত করেছে ইরানের নৌবাহিনী। আজ শুক্রবার (১৩ নভেম্বর) ইরানের সংবাদমাধ্যমগুলোতে এ তথ্য জানানো হয়।

আধাসরকারি বার্তাসংস্থা ইরনা জানিয়েছে, কোস্তাক অঞ্চলের সিরিক উপকূলে ড্রোনটি ভূপাতিত করা হয়।

ড্রোন ভূপাতিত করা নিয়ে ইরানি নৌবাহিনী বলেছে, ‘ইরানের ভৌগলিক অখণ্ডতা, সামুদ্রিক সীমান্ত এবং স্বার্থ রক্ষায় পদক্ষেপ নিতে আমরা এক মুহূর্তের জন্যও ভাবব না।’

ইরনা ভূপাতিত করা ড্রোনের একটি ছবি প্রকাশ করেছে। এতে দেখা যাচ্ছে ড্রোনটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।

এরআগে গতকাল রাতে সিরিকে ইরানের একটি টেলিকমিউনিকেশন টাওয়ার লক্ষ্য করে হামলা চালায় মার্কিন সেনারা। এর জবাবে ইরান বাহরাইনে থাকা মার্কিনিদের রাডার লক্ষ্য করে হামলা চালায়। এ রাডার দিয়ে হামলার আগাম সতর্কতা পাওয়া যায়।

বাহরাইনে হামলার পর দেশটির ইসলামিক বিপ্লবী গার্ডের প্রধান আহমেদ ভাহিদি বলেছেন, যুক্তরাষ্ট্র যদি নতুন করে কোনো আগ্রাসন চালায় তাহলে বিধ্বংসী ও যন্ত্রণাদায়ক হামলা চালিয়ে এর জবাব দেওয়া হবে।

তিনি বলেছেন, ‘আমাদের জবাব হবে বিধ্বংসী ও যন্ত্রণাদায়ক। শত্রুরা বার বার যে পরাজয়ের শিকার হয়েছে, সেখান থেকে তাদের শিক্ষা নিতে হবে। আর নয়ত তাদের আরও বড় শিক্ষা দেওয়া হবে।’

সূত্র: আলজাজিরা

এএইচএ
আরও পড়ুন