বাহরাইনে যুক্তরাষ্ট্রের একটি বিমান প্রতিরক্ষা স্থাপনার রাডার লক্ষ্য করে ছয়টি ড্রোন দিয়ে সফল হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।
ইরানের আইআরজিসি-সংশ্লিষ্ট বার্তা সংস্থা ফার্সের (ফার্স নিউজ) প্রতিবেদনে বলা হয়েছে, বাহরাইনের রিফা বিমানঘাঁটির ভেতরে অবস্থিত মার্কিন বিমান প্রতিরক্ষা স্থাপনার রাডার লক্ষ্য করে ড্রোন হামলাটি চালানো হয়।
এর আগে কয়েক ঘণ্টার ব্যবধানে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় একাধিকবার সম্ভাব্য নিরাপত্তা হুমকির বিষয়ে সতর্কতা জারি করে। সতর্কবার্তায় নাগরিকদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার আহ্বান জানানো হয়। তবে কী ধরনের হুমকি বা কোন এলাকা লক্ষ্যবস্তু হতে পারে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।
ফার্সে প্রকাশিত বিবৃতিতে আইআরজিসি আরও দাবি করেছে, হরমুজ প্রণালি এখনো বন্ধ রয়েছে। প্রণালিটি দিয়ে জাহাজ চলাচলে যুক্তরাষ্ট্রের পাহারা দেওয়ার উদ্যোগকে ‘ব্যর্থতা’ বলেও উল্লেখ করেছে তারা।
বিবৃতিতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্র নতুন করে কোনো আগ্রাসন চালালে তার জবাব আরও কঠোর ও ধ্বংসাত্মক হবে।
তবে বাহরাইনে মার্কিন রাডারে হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এখনো কোনো মন্তব্য করেনি। ফলে হামলার দাবি এবং ক্ষয়ক্ষতির বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।
ইরানের বিরুদ্ধে যুদ্ধকে ‘ভুল সিদ্ধান্ত’ বললেন ব্লিঙ্কেন
ইরান সংঘাতে পরাজয়ের মুখে ওয়াশিংটনের কৌশল?