ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানকে ‘ভুল সিদ্ধান্ত’ বলে মন্তব্য করেছেন দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। তাঁর মতে, যুদ্ধের ক্ষয়ক্ষতি সত্ত্বেও সংঘাতের পর ইরান আগের চেয়ে আরও শক্তিশালী অবস্থানে উঠে এসেছে।
শুক্রবার (১৪ নভেম্বর) দেওয়া এক বক্তব্যে ব্লিঙ্কেন বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছেন, তা ভুল ছিল। কারণ আগের প্রতিটি মার্কিন প্রশাসনই সামরিক অভিযানকে শেষ অবলম্বন হিসেবে বিবেচনা করেছিল।
একটি প্যানেল আলোচনায় তিনি বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প যে সামরিক পদক্ষেপ বেছে নিয়েছেন, আমার মতে, তা ভুল সিদ্ধান্ত। কারণ আগের প্রতিটি প্রশাসন বিষয়টি পর্যালোচনা করে সিদ্ধান্ত নিয়েছিল, সামরিক অভিযান হতে হবে শেষ অবলম্বন।’
ব্লিঙ্কেনের ব্যাখ্যা, সামরিক হামলা চালালেও ইরানের পারমাণবিক কর্মসূচি সাময়িকভাবে পিছিয়ে দেওয়া সম্ভব হতো। কিন্তু তাতে বড়জোর কয়েক বছরের বিলম্ব ঘটত।
তিনি বলেন, ‘ইরানের পারমাণবিক কর্মসূচি আরও গভীরে মাটির নিচে সরিয়ে নেওয়া হতো। এরপর তারা আবার ফিরে আসত, এমনকি আরও বড় কর্মসূচি নিয়ে।’
ব্লিঙ্কেনের মতে, যুদ্ধের ফলে ইরানের ক্ষয়ক্ষতি হলেও সংঘাত-পরবর্তী পরিস্থিতিতে দেশটি আরও শক্তিশালী হয়ে উঠেছে।
তাঁর এই মন্তব্য ইরানের বিরুদ্ধে সামরিক শক্তি প্রয়োগের কার্যকারিতা এবং দীর্ঘমেয়াদি কৌশলগত ফলাফল নিয়ে যুক্তরাষ্ট্রের নীতিনির্ধারণী মহলে বিতর্ককে নতুন করে সামনে এনেছে।
ইরান সংঘাতে পরাজয়ের মুখে ওয়াশিংটনের কৌশল?
বাহরাইনে কয়েক ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার সতর্কতা জারি