আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা 'একপেশে ও পক্ষপাতদুষ্ট’: বাঘাই

আপডেট : ১৫ নভেম্বর ২০২৬, ০২:২৭ পিএম

ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে আন্তর্জাতিক পরিদর্শন পুনরায় শুরুর আহ্বান জানানোর পর জাতিসংঘের পারমাণবিক নজরদারি সংস্থা আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) সমালোচনা করেছে তেহরান। সংস্থাটিকে ‘একপেশে ও পক্ষপাতদুষ্ট’ বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই।

আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিমের বরাতে বাঘাইয়ের মন্তব্যে বলা হয়, আইএইএ ইচ্ছাকৃতভাবে তাদের প্রতিবেদনের তথ্য পশ্চিমা সংবাদমাধ্যমে ফাঁস করেছে এবং ওয়াশিংটনের চাপের কাছে নতি স্বীকার করেছে।

বাঘাই বলেন, ইরানের বিরুদ্ধে চাপের পরিবেশ তৈরির লক্ষ্যে আইএইএর রাজনৈতিক অবস্থান ও নানা অজুহাত কোনো সুফল বয়ে আনেনি। বরং এসব কর্মকাণ্ড সংস্থাটির পেশাদার অবস্থান দুর্বল করার জন্য এর ব্যবস্থাপকদের সরাসরি দায়ী করবে।

এর আগে শুক্রবার সদস্যদেশগুলোর মধ্যে প্রচারিত এক প্রতিবেদনে ইরানের পারমাণবিক কর্মসূচি পর্যবেক্ষণের স্বার্থে দেশটিকে আইএইএর পরিদর্শকদের প্রবেশাধিকার পুনর্বহালের আহ্বান জানায় সংস্থাটি। তাদের মতে, পারমাণবিক কর্মসূচির ওপর নজরদারি অব্যাহত রাখতে পরিদর্শন পুনরায় শুরু করা জরুরি।

২০২৫ সালের জুনে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর থেকে তেহরান আইএইএর পরিদর্শন কার্যক্রম সীমিত করে রেখেছে। এরপর সংস্থাটি কেবল সীমিত পরিসরে কিছু পরিদর্শনের সুযোগ পেয়েছে।

এমএজেড
আরও পড়ুন
সর্বশেষপঠিত