ইরানে বাস দুর্ঘটনায় নিহত ১২, জরুরি সহায়তার নির্দেশ পেজেশকিয়ানের

আপডেট : ১৫ নভেম্বর ২০২৬, ০২:১০ পিএম

পশ্চিম ইরানের ইলাম প্রদেশে তেল কোম্পানির কর্মীদের বহনকারী একটি বাস উল্টে ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৬ জন। দুর্ঘটনার পর আহতদের দ্রুত চিকিৎসা ও উদ্ধার তৎপরতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জরুরি নির্দেশ দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

রোববার ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএকে ইলাম প্রদেশের গভর্নর আহমাদ কারামি জানান, দুর্ঘটনার পরপরই প্রেসিডেন্ট পেজেশকিয়ান ও স্বরাষ্ট্রমন্ত্রী এসকান্দার মোমেনি আহতদের সর্বোচ্চ চিকিৎসা ও উদ্ধার সহায়তা নিশ্চিত করার নির্দেশ দেন।

তিনি জানান, উদ্ধার ও চিকিৎসা কার্যক্রমে ইলাম ও খুজেস্তান প্রদেশ থেকে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও উদ্ধারকর্মীদের পাশাপাশি ৫০টি অ্যাম্বুলেন্স মোতায়েন করা হয়েছে।

শনিবার ইলাম প্রদেশের দেহলোরান কাউন্টিতে ন্যাচারাল গ্যাস লিকুইডস (এনজিএল) তেল কোম্পানির কর্মীদের বহনকারী বাসটি দুর্ঘটনার কবলে পড়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ১২ জনের মৃত্যু হয় এবং আহত হন ১৬ জন।

দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানানো হয়নি। আহতদের চিকিৎসা ও উদ্ধার কার্যক্রমে সংশ্লিষ্ট সংস্থাগুলো কাজ করছে।

এমএজেড
আরও পড়ুন
সর্বশেষপঠিত