ইসরায়েলের নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর তীব্র সমালোচনা করেছেন দেশটির বিরোধী নেতা গাদি আইজেনকট। তাঁর দাবি, নেতানিয়াহু আর এক মিনিটও সরকারপ্রধানের দায়িত্বে থাকতে পারেন না।
রোববার (১৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আইজেনকট বলেন, ‘বিদায়ী প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও তাঁর ঘনিষ্ঠ মহলের কর্মকাণ্ড ইসরায়েলের গণতন্ত্রের জন্য প্রত্যক্ষ, সুনির্দিষ্ট ও তাৎক্ষণিক হুমকি।’
ইসরায়েলের নতুন সরকার গঠনের দায়িত্ব পাওয়া আইজেনকটের এই মন্তব্য আসে নেতানিয়াহুর সঙ্গে জাতীয় ঐক্যের সরকার গঠনের সম্ভাবনা নিয়ে দুই পক্ষের প্রতিনিধিদের বৈঠকের কয়েক ঘণ্টা পর।
ইসরায়েলি সম্প্রচারমাধ্যম চ্যানেল ১২ রোববার এক প্রতিবেদনে অভিযোগ করে, গত ২৭ অক্টোবরের নির্বাচনের আগের দিন নেতানিয়াহুর চিফ অব স্টাফ ইদো নর্ডেন ইউনাইটেড আরব লিস্ট (রাআম) দলের কয়েকজন সদস্যের বিরুদ্ধে পুলিশ কমিশনারের দপ্তরে অভিযোগ করেছিলেন।
প্রতিবেদন অনুযায়ী, নর্ডেন পুলিশ কর্মকর্তাদের এমন এক কথিত গোয়েন্দা সূত্রের সন্ধান দেন, যিনি আগে নেতানিয়াহুর কার্যালয়ে কাজ করতেন।
ওই সূত্রের তথ্যের ভিত্তিতে প্রায় ১৪ জন পুলিশ কর্মকর্তা কোনো পরোয়ানা ছাড়াই রাআমের তিন সদস্যের বাড়িতে অভিযান চালান। ভোটে প্রভাব বিস্তারের জন্য ঘুষ দেওয়ার সন্দেহে তাঁদের গ্রেপ্তার করা হয় বলে চ্যানেল ১২-এর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এরপর নির্বাচনের দিন নেতানিয়াহু আরব নেতৃত্বাধীন দলগুলোর বিরুদ্ধে প্রচার চালান। এসব দল রেকর্ড ১৯টি আসনে জয়ী হওয়ার পর তিনি নির্বাচনে জালিয়াতির অভিযোগ তোলেন। তবে এসব অভিযোগের পক্ষে প্রমাণ পাওয়া যায়নি।
পরে পুলিশ কথিত গোয়েন্দা সূত্রের দেওয়া তথ্য ভিত্তিহীন বলে নির্ধারণ করলে ওই তিন ব্যক্তিকে ছেড়ে দেওয়া হয়।
চ্যানেল ১২-এর প্রতিবেদনে আরও অভিযোগ করা হয়, ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেতের প্রধান ডেভিড জিনি নির্বাচনের দিন পাঁচজন ফিলিস্তিনি-ইসরায়েলি পার্লামেন্ট সদস্যের ফোনে আড়িপাতার অনুমতি চেয়ে অ্যাটর্নি জেনারেলের দপ্তরে আবেদন করেছিলেন। তাঁদের বিরুদ্ধে নির্বাচনে হস্তক্ষেপের সন্দেহ ছিল। তবে পরে সেই আবেদন নাকচ করা হয়।
সাবেক সেনাপ্রধান আইজেনকট এ ঘটনায় অবিলম্বে তদন্তের দাবি জানিয়েছেন। তিনি বলেন, প্রকাশিত তথ্যের বিষয়ে পুলিশ ও শিন বেতকে দ্রুত ব্যাখ্যা দিতে হবে।
তবে আইজেনকটের বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে নেতানিয়াহুর লিকুদ পার্টি। দলটি তাঁর বক্তব্যকে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ‘আপত্তিকর উসকানি’ বলে অভিহিত করেছে।
এর আগে শুক্রবার আইজেনকট অভিযোগ করেছিলেন, ক্ষমতায় টিকে থাকার জন্য নির্বাচনের সময় নেতানিয়াহু ইসরায়েলের ফিলিস্তিনি নাগরিকদের বিরুদ্ধে ‘বর্ণবাদী ও সহিংস’ প্রচারণায় উসকানি দিয়েছেন।
পদত্যাগের পর এনভিডিয়ার নেতৃত্বে ফিরতে মরিয়া জেনসেন হুয়াং
ঝিনাইদহে রেলস্টেশনে গভীর রাতে তিন পেট্রোল বোমা নিক্ষেপ
যুক্তরাষ্ট্রকে আলোচনার টেবিলেও বিশ্বাস করে না ইরান