ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারবাজার রেলওয়ে স্টেশনে গভীর রাতে তিনটি পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে স্টেশনের অফিসকক্ষের কাঠের দরজায় আগুন ধরে গেলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বড় ধরনের ক্ষয়ক্ষতিও হয়নি।
সোমবার (১৬ নভেম্বর) রাত আনুমানিক ৩টার দিকে এ ঘটনা ঘটে।
বারবাজার রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার মোবাশ্বের হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাত ৩টার দিকে কয়েকজন দুর্বৃত্ত হঠাৎ অফিসকক্ষের দরজায় দুটি এবং মালামাল রাখার বাক্সে একটি পেট্রোল বোমা নিক্ষেপ করে পালিয়ে যায়। এতে কাঠের দরজায় আগুন ধরে যায়। তবে ওই সময় অফিসের ভেতরে থাকা কর্মীরা দ্রুত আগুন নিভিয়ে ফেলেন।
তিনি আরও জানান, হামলার সময় অফিসকক্ষের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। ফলে ভেতরে থাকা কর্মচারী, আসবাবপত্র ও মূল্যবান নথিপত্রের কোনো ক্ষতি হয়নি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী বলেন, রাতে বারবাজার রেলওয়ে স্টেশনে দুর্বৃত্তরা তিনটি ককটেলসদৃশ বস্তু নিক্ষেপ করে পালিয়ে যায়। এতে কেউ হতাহত হননি এবং বড় ধরনের ক্ষয়ক্ষতিও হয়নি।
ঘটনাটি তদন্ত করা হচ্ছে। পাশাপাশি জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান তিনি।
যুক্তরাষ্ট্রকে আলোচনার টেবিলেও বিশ্বাস করে না ইরান
গোপালগঞ্জে নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন