আন্তর্জাতিক সংকট গবেষণা সংস্থার (ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ) মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকাবিষয়ক উপপরিচালক আলী ওয়ায়েজ বলেছেন, ইরান ও যুক্তরাষ্ট্র এখন ‘বিপজ্জনক স্নায়ুযুদ্ধে’ আটকে পড়েছে। দুই পক্ষই মনে করছে, প্রতিপক্ষের হামলার অপেক্ষায় থাকার চেয়ে আগে আঘাত হানাই হয়তো বেশি নিরাপদ।
আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে ওয়ায়েজ বলেন, “বিপদ হলো, আরেকটি যুদ্ধ ঠেকাতে দুই পক্ষের নেওয়া পদক্ষেপই অনিচ্ছাকৃতভাবে এমন এক যুদ্ধের সূচনা ঘটাতে পারে, যা কোনো পক্ষই জিততে, নিয়ন্ত্রণে রাখতে কিংবা সহজে শেষ করতে পারবে না।”
তিনি আরও বলেন, “কূটনীতির স্পন্দন এখনো আছে, কিন্তু পারস্পরিক অবিশ্বাস ও সর্বোচ্চ দাবি-দাওয়ার চাপে তা ক্রমেই শ্বাসরুদ্ধ হয়ে পড়ছে। উভয় পক্ষ যদি নিজেদের সম্মান বজায় রেখে সংকট থেকে বেরিয়ে আসার কোনো পথ খুঁজে না পায়, তাহলে আলোচনাগুলো একের পর এক যুদ্ধের মধ্যবর্তী সাময়িক বিরতি ছাড়া আর কিছু হয়ে ওঠার ঝুঁকিতে রয়েছে।”