শীতের আগমনে ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী বিজয়নগর উপজেলার লালমাটির টিলা ও সমতলজুড়ে কমলার বাগানে দেখা দিয়েছে ফলের সমারোহ। সবুজ পাতার ফাঁকে থোকায় থোকায় ঝুলছে পাকা কমলা। দার্জিলিং ও চায়না জাতের এসব কমলা বাণিজ্যিকভাবে চাষ করছেন স্থানীয় কৃষকেরা। বাগান থেকেই পাইকাররা কিনে নিচ্ছেন ফল। লাভের সম্ভাবনা ও তুলনামূলক কম রোগবালাইয়ের কারণে এলাকায় বাড়ছে কমলার বাগান।
একসময় কমলার জন্য সিলেট, মৌলভীবাজার কিংবা আমদানির ওপর নির্ভর করতে হতো। তবে এখন ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরেও বাণিজ্যিকভাবে কমলা উৎপাদন হচ্ছে। রসালো ও মিষ্টি স্বাদের কারণে স্থানীয়ভাবে উৎপাদিত এসব কমলা ক্রেতা ও পাইকারদের আগ্রহ তৈরি করেছে।
বিজয়নগর উপজেলা মৌসুমি ফল চাষের জন্য পরিচিত। পাহাড়পুর, বিষ্ণুপুর, চম্পকনগর ও সিংগারবিল ইউনিয়নের লালমাটির জমিতে দীর্ঘদিন ধরে লিচু, কাঁঠাল, পেয়ারা, লটকন ও মাল্টার চাষ হয়ে আসছে। কয়েক বছর ধরে এসব এলাকার কৃষকেরা কমলা চাষেও আগ্রহী হয়ে উঠেছেন। অল্প পুঁজিতে লাভের সম্ভাবনা এবং তুলনামূলক কম রোগবালাইয়ের কারণে নতুন নতুন বাগান গড়ে উঠছে। এসব বাগান দেখতে প্রতিদিনই বিভিন্ন এলাকা থেকে আসছেন দর্শনার্থীরা। কেউ ঘুরে দেখছেন, আবার কেউ গাছ থেকে কমলা পেড়ে কিনে নিচ্ছেন।
পাহাড়পুর ইউনিয়নের কমলা চাষি খোকন মিয়া জানান, দীর্ঘদিন মালয়েশিয়ায় চাকরি করার পর ২০১৪ সালে দেশে ফেরেন তিনি। এরপর ২০২১ সালে ৪০ শতক জমিতে কমলার চারা রোপণ করেন। শুরুতে তাঁর এই উদ্যোগ দেখে প্রতিবেশীদের অনেকে হাসাহাসি করেছিলেন। তবে কৃষি কর্মকর্তাদের পরামর্শ অনুযায়ী জৈব সার ব্যবহার ও নিয়মিত পরিচর্যার ফলে তৃতীয় বছর থেকেই গাছে ফল আসতে শুরু করে।
খোকন মিয়া বলেন, বর্তমানে তাঁর বাগানের প্রতিটি গাছে ৩০০ থেকে ৪০০টি কমলা ধরেছে। পাইকাররা অগ্রিম টাকা দিয়ে বাগান থেকেই উৎপাদিত কমলা কিনে নিচ্ছেন। চলতি মৌসুমে কমলা বিক্রি করে প্রায় চার লাখ টাকা লাভের আশা করছেন তিনি।
এদিকে কমলার বাগান ঘিরে স্থানীয়ভাবে দর্শনার্থীদের আনাগোনাও বেড়েছে। শহর ও দূরদূরান্ত থেকে আসা মানুষ গাছভর্তি কমলা দেখে সময় কাটাচ্ছেন। অনেকে পরিবারের জন্য বাগান থেকেই তাজা কমলা কিনে নিয়ে যাচ্ছেন।
ব্রাহ্মণবাড়িয়া শহর থেকে খোকন মিয়ার বাগান দেখতে আসা সামিয়া জামান সুমি বলেন, ফেসবুকে বিজয়নগরের কমলা বাগানের ছবি দেখে প্রথমে বিশ্বাস হয়নি, জেলার মাটিতেই এত সুন্দর কমলা চাষ হচ্ছে। সরাসরি বাগানে এসে গাছে থোকায় থোকায় কমলা দেখে খুব ভালো লেগেছে।
আরেক দর্শনার্থী শামীম বলেন, বিজয়নগরের পরিবেশ মন ভালো করে দেওয়ার মতো। কমলার বাগান ঘুরে তাঁর ভালো লেগেছে। পরিবারের সবার জন্য কমলা কিনে নিয়ে যাচ্ছেন তিনি।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়ার উপপরিচালক ড. মোস্তফা এমরান হোসেন বলেন, বিজয়নগরের লালমাটি ও আবহাওয়া মাল্টা ও কমলাসহ সাইট্রাসজাতীয় ফল চাষের জন্য উপযোগী। শুরু থেকেই কৃষকদের উন্নত মানের রোগমুক্ত চারা সরবরাহ, ডাল ছাঁটাই এবং জৈব বালাইনাশক ব্যবহারের বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
তিনি জানান, চলতি মৌসুমে বিজয়নগর উপজেলায় প্রায় ২৫ হেক্টর জমিতে কমলার আবাদ হয়েছে, যা গত বছরের তুলনায় দ্বিগুণ। এভাবে চাষ সম্প্রসারিত হলে আগামী কয়েক বছরের মধ্যে বিজয়নগর দেশের অন্যতম প্রধান কমলা উৎপাদনকারী অঞ্চল হয়ে উঠতে পারে।
যেসব এলাকায় বৃষ্টি হতে পারে আজ
কক্স কার্নিভালের আয়োজন ঘিরে সৈকতের ঝাউগাছ কাটার অভিযোগ