ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনাসহ বিভিন্ন স্থাপনায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার ঘটনায় পশ্চিমা দেশগুলোর নীরবতার সমালোচনা করেছেন জাতিসংঘে ইরানের প্রতিনিধি গোলামহোসেইন দারজি।
তিনি বলেছেন, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ভিত্তিহীন অভিযোগ তোলা এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) সঙ্গে সহযোগিতার দাবি জানানো কিছু দেশই ইরানের ওপর নজিরবিহীন হামলার নিন্দা জানাতে অস্বীকৃতি জানিয়েছে। তাদের এই ‘প্রকাশ্য দ্বিচারিতা’ আন্তর্জাতিক নিরস্ত্রীকরণ ব্যবস্থার বিশ্বাসযোগ্যতা ক্ষুণ্ন করছে।
সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ‘পারমাণবিক অস্ত্র ও অন্যান্য গণবিধ্বংসী অস্ত্রমুক্ত মধ্যপ্রাচ্য অঞ্চল প্রতিষ্ঠা’ বিষয়ক সম্মেলনের সপ্তম অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন দারজি। তাঁর মতে, এ ধরনের আচরণ সম্মেলনের গ্রহণযোগ্যতা এবং এর মূল লক্ষ্য ও নীতির প্রতি আস্থাকে দুর্বল করে দিচ্ছে।
গাজায় চলমান মানবিক বিপর্যয় ও গণহত্যার প্রেক্ষাপটে এবারের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।
দারজি অভিযোগ করেন, ২০২৫ সালের জুন ও ২০২৬ সালের ফেব্রুয়ারিতে দুই দফায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক, রাসায়নিক ও জৈব স্থাপনায় হামলা চালিয়েছে। তাঁর ভাষ্য, এসব হামলা আগের আগ্রাসনকে আরও বাড়িয়েছে। একই সঙ্গে ইরানের ওপর নতুন করে হামলার হুমকি এবং পারমাণবিক অস্ত্র ব্যবহারের উদ্বেগজনক সতর্কবার্তাও দেওয়া হয়েছে।
ইরানের এই প্রতিনিধি বলেন, এ ধরনের কর্মকাণ্ড জাতিসংঘ সনদ, আন্তর্জাতিক আইনের মৌলিক নীতি এবং পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ ও নিরস্ত্রীকরণসংক্রান্ত আন্তর্জাতিক ব্যবস্থার ভিত্তিকে আঘাত করে। এর মধ্যে রয়েছে পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি (এনপিটি), আইএইএর সংবিধি, রাসায়নিক অস্ত্র কনভেনশন এবং জৈব অস্ত্র কনভেনশন।
দারজির দাবি, এসব হামলায় ইরানের পাঁচ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দেশটির সর্বোচ্চ নেতা, জ্যেষ্ঠ সামরিক ও রাজনৈতিক কর্মকর্তা, মিনাবের ১৬৮ জন স্কুলছাত্রী এবং একটি বিয়ের অনুষ্ঠানে অংশ নেওয়া বেসামরিক নাগরিক রয়েছেন। হামলায় বেসামরিক অবকাঠামোরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি। এসব কর্মকাণ্ডের স্পষ্ট ও দ্ব্যর্থহীন নিন্দা জানাতে সম্মেলনের প্রতি আহ্বান জানান ইরানের প্রতিনিধি।
তিনি আরও বলেন, হামলার দায় শুধু হামলাকারীদের নয়, যারা এসব কর্মকাণ্ডে সহায়তা করেছে, তাদেরও দায় নিতে হবে। প্রতিবেশী যেসব দেশ নিজেদের ভূখণ্ড, সামরিক ঘাঁটি, স্থাপনা ও সরবরাহব্যবস্থা ব্যবহার করে হামলায় সহায়তা করেছে বলে ইরান মনে করে, তাদের ভূমিকারও নিন্দা জানান তিনি।
দারজির ভাষ্য, অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ও স্থাপনায় ইরানের পাল্টা প্রতিরক্ষামূলক পদক্ষেপ জাতিসংঘ সনদের ৫১ অনুচ্ছেদে স্বীকৃত আত্মরক্ষার অধিকারের আওতায় নেওয়া হয়েছে।
বক্তব্যে তিনি প্রশ্ন তোলেন, শান্তিপূর্ণ পারমাণবিক, রাসায়নিক ও জৈব স্থাপনায় অবৈধ হামলার ঘটনায় যখন নীরবতা ও দায়মুক্তি বজায় থাকে, তখন আন্তর্জাতিক নিরস্ত্রীকরণ ও অস্ত্র বিস্তার রোধ ব্যবস্থার বিশ্বাসযোগ্যতা কোথায় থাকে? তাঁর সতর্কবার্তা, আজ ইরান হামলার লক্ষ্যবস্তু হলেও ভবিষ্যতে অন্য কোনো দেশও একই পরিস্থিতির মুখে পড়তে পারে।
মধ্যপ্রাচ্যকে পারমাণবিক অস্ত্র ও অন্যান্য গণবিধ্বংসী অস্ত্রমুক্ত অঞ্চল হিসেবে প্রতিষ্ঠার প্রতি ইরানের গুরুত্বারোপের কথাও তুলে ধরেন দারজি। তিনি বলেন, ১৯৭৪ সালে ইরান প্রথম এ ধরনের অঞ্চল প্রতিষ্ঠার প্রস্তাব দিয়েছিল। ৫২ বছর পেরিয়ে গেলেও সেই লক্ষ্য এখনো পূরণ হয়নি।
এ ক্ষেত্রে প্রধান বাধা হিসেবে ইসরায়েলের পারমাণবিক অস্ত্র ত্যাগে অস্বীকৃতি, পারমাণবিক অস্ত্রবিহীন রাষ্ট্র হিসেবে এনপিটিতে যোগ না দেওয়া এবং দেশটির সব পারমাণবিক স্থাপনা আইএইএর পূর্ণাঙ্গ তদারকির আওতায় না আনার বিষয়টি উল্লেখ করেন তিনি। দারজির অভিযোগ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্সের নিঃশর্ত রাজনৈতিক সমর্থনের কারণে ইসরায়েল এই অবস্থান ধরে রেখেছে।
ইরানের প্রতিনিধি বলেন, এ ধরনের বৈষম্যমূলক পরিস্থিতি পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ ব্যবস্থার প্রতি আন্তর্জাতিক আস্থা দুর্বল করছে। তিনি জাতিসংঘের ৭৮তম সাধারণ অধিবেশনে ইসরায়েলের প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্যে ইরানের বিরুদ্ধে ‘বিশ্বাসযোগ্য পারমাণবিক হুমকি’র ইঙ্গিত এবং গাজায় পারমাণবিক বোমা ব্যবহারের বিষয়ে এক ইসরায়েলি মন্ত্রীর মন্তব্যের কথাও তুলে ধরেন। তাঁর মতে, এ ধরনের হুমকির বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরব থাকা উচিত নয়।
১৯৯৫ সালে পশ্চিম এশিয়াকে কেন্দ্র করে গৃহীত প্রস্তাবের কথাও স্মরণ করিয়ে দেন দারজি। তাঁর ভাষ্য, এনপিটি অনির্দিষ্টকালের জন্য সম্প্রসারণের সিদ্ধান্তের সঙ্গে যুক্ত ওই প্রস্তাব এখনো কার্যকর রয়েছে এবং তা পুরোপুরি বাস্তবায়ন করা প্রয়োজন। গণবিধ্বংসী অস্ত্রমুক্ত অঞ্চল প্রতিষ্ঠার উদ্যোগে অগ্রগতি না হওয়াকে তিনি অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেন।
বক্তব্যের শেষ পর্যায়ে দারজি বলেন, ইরান সম্মেলনে গঠনমূলকভাবে অংশ নিতে প্রতিশ্রুতিবদ্ধ। তবে এই প্রক্রিয়া রাষ্ট্রগুলোর নেতৃত্বে এবং ঐকমত্যের ভিত্তিতে পরিচালিত হতে হবে। মধ্যপ্রাচ্যকে গণবিধ্বংসী অস্ত্রমুক্ত অঞ্চল হিসেবে প্রতিষ্ঠার জন্য একটি আইনগতভাবে বাধ্যতামূলক চুক্তি নিয়ে আলোচনা করাই সম্মেলনের মূল লক্ষ্য হওয়া উচিত।
চলমান সংঘাত, গাজায় মানবিক বিপর্যয় এবং আন্তর্জাতিক যাচাই-বাছাইয়ের বাইরে থাকা পারমাণবিক অস্ত্রভান্ডারের অস্তিত্বের কারণে এ উদ্যোগের প্রয়োজনীয়তা আগের যেকোনো সময়ের চেয়ে বেশি বলেও মন্তব্য করেন তিনি।
সূত্র: প্রেস টিভি
মারা গেলেন ইরানের প্রভাবশালী ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খোরাসানি
ওয়াশিংটনে হামলার পরিকল্পনা করছে ইরান, মার্কিন গোয়েন্দা তথ্যে যুক্তরাষ্ট্রে তোলপাড়
জেনসেন হুয়াংকে ফেরাতে ট্রাম্প-মাস্কের সমর্থন, রাজি নয় এনভিডিয়া