প্রথমবারের মতো একসঙ্গে ট্রাম্প, পুতিন ও শি জিনপিং

আপডেট : ১৮ নভেম্বর ২০২৬, ০৭:৪৫ পিএম

প্রথমবারের মতো একসঙ্গে দেখা গেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে।

চীনের দক্ষিণাঞ্চলীয় গুয়াংডং প্রদেশের শেনজেনে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনের স্বাগত নৈশভোজের আগে ডোনাল্ড ট্রাম্প ভ্লাদিমির পুতিনের সঙ্গে করমর্দন করেন। এ সময় পাশে ছিলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

ইতিহাসে প্রথমবারের মতো বুধবার (১৮ নভেম্বর) একসঙ্গে জমকালো নৈশভোজে অংশ নেন এই তিন রাজনীতিক।

রাশিয়ার ক্রেমলিন পুল টিম টেলিগ্রামে একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে শেনঝেনে আজ রাতের গালা ডিনারের আগে ভ্লাদিমির পুতিন, শি জিনপিং এবং ডোনাল্ড ট্রাম্পকে একসঙ্গে রেড কার্পেটে দেখা যাচ্ছে।

ভিডিওটিতে দেখা যায়, ট্রাম্প, জিনপিং এবং তার স্ত্রী পাশাপাশি দাঁড়িয়ে আছেন, এমন সময় পুতিন তাদের কাছে এগিয়ে আসেন।

ট্রাম্প ও পুতিন ২০২৫ সালের আগস্ট মাসে আলাস্কায় অনুষ্ঠিত রাশিয়া-যুক্তরাষ্ট্র শীর্ষ সম্মেলনের পর আর দেখা করেননি। তাদের একে অপরকে বেশ উষ্ণভাবে সম্ভাষণ জানাতে দেখা যায়। তারা প্রথমে করমর্দন করেন এবং একে অপরের কাঁধে হাত চাপড়ে দেন।

এই প্রথম শি জিনপিং, ট্রাম্প এবং পুতিন একটি ত্রিপক্ষীয় শীর্ষ সম্মেলনে অংশ নিচ্ছেন। আগামীকাল বিকেলে এই তিন নেতার বৈঠক হওয়ার কথা রয়েছে।

ট্রাম্পকে উষ্ণ অভ্যর্থনা জানানো হলেও যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও বিধিনিষেধের সমালোচনায় একমত হয়েছে চীন ও রাশিয়া। অন্যদিকে রাশিয়ায় ক্রেমলিনপন্থি গণমাধ্যমগুলো শির উপস্থিতিতে ট্রাম্প ও পুতিনের করমর্দনকে ‘ঐতিহাসিক’ বলে অভিহিত করেছে।

সূত্র: বিবিসি

এএইচএ
আরও পড়ুন
সর্বশেষপঠিত