গাজীপুরে থামছে না শ্রমিক বিক্ষোভ, ফের সংঘর্ষে উত্তপ্ত শিল্পাঞ্চল

আপডেট : ১৯ নভেম্বর ২০২৬, ০৭:৫২ পিএম

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে গাজীপুরের শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষের অবসান হচ্ছে না। বুধবারের সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের পর বৃহস্পতিবারও (১৯ নভেম্বর) বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকরা। শ্রীপুরের মাওনায় শ্রমিকদের সঙ্গে পুলিশ ও আনসার সদস্যদের সংঘর্ষে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপের পাশাপাশি লাঠিপেটা করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এদিকে দফায় দফায় সড়ক অবরোধ, যানজট ও গণপরিবহন সংকটে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা। অনেককে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও প্রয়োজনীয় যানবাহন পেতে ভোগান্তি পোহাতে হচ্ছে।

বৃহস্পতিবার বেলা ১২টার দিকে শ্রীপুর উপজেলার মাওনা-শ্রীপুর আঞ্চলিক সড়কের চন্নাপাড়া গ্রামের বেপারিবাড়ি এলাকায় শ্রমিকদের সঙ্গে পুলিশ ও আনসার সদস্যদের সংঘর্ষ হয়। এ সময় শ্রমিকদের লক্ষ্য করে সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করা হয়। পরে লাঠিপেটা করে তাদের সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়। এতে কয়েকজন শ্রমিক সামান্য আহত হয়েছেন বলে জানা গেছে। সংঘর্ষের সময় বিএনপি, ছাত্রদল ও শ্রমিকদলের নেতাকর্মীদেরও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে অবস্থান করতে দেখা যায়।

শ্রমিক ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকালে গাজীপুর সদর ও শ্রীপুর উপজেলার বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা কাজে যোগ দিতে কারখানায় যান। তবে অনেকেই কাজে না গিয়ে কারখানার ভেতরে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। পরে তাঁরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থানে অবরোধ সৃষ্টি করেন। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

সকাল ১১টার দিকে আনসার রোড এলাকা থেকে শ্রমিকদের একটি মিছিল মাওনা চৌরাস্তার দিকে অগ্রসর হয়। পথে আশপাশের বিভিন্ন কারখানার শ্রমিকরাও এতে যোগ দেন। কয়েক কিলোমিটার মহাসড়ক প্রদক্ষিণের পর তাঁরা মাওনা চৌরাস্তা উড়ালসেতুর নিচে লাঠিসোঁটা নিয়ে অবস্থান নেন। পরে পুলিশ ও আনসার সদস্যরা সেখানে পৌঁছালে শ্রমিকরা মাওনা-শ্রীপুর আঞ্চলিক সড়কের চন্নাপাড়া গ্রামের বেপারিবাড়ি এলাকায় গিয়ে বিক্ষোভ শুরু করেন।

একপর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা শ্রমিকদের সড়ক ছেড়ে চলে যাওয়ার অনুরোধ জানান। তবে শ্রমিকরা সেই অনুরোধ উপেক্ষা করে সামনে এগিয়ে আসেন। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। পরে পুলিশ ও আনসার সদস্যরা সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে পড়েন। এরপর লাঠিপেটা করে তাঁদের সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়।

এদিকে বৃহস্পতিবার সকাল থেকেই ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাঘের বাজার, গড়গড়িয়া মাস্টারবাড়ি ও আনসার রোডসহ বিভিন্ন এলাকায় দফায় দফায় বিক্ষোভ ও অবরোধ করেন শ্রমিকরা। এক জায়গা থেকে তাঁদের সরিয়ে দিলে অন্য জায়গায় গিয়ে আবারও সড়ক আটকে দেন তাঁরা। বাঘের বাজার এলাকায়ও কিছুক্ষণ পরপর শ্রমিকরা মহাসড়কে নেমে যান চলাচল বন্ধ করে দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাঁদের ছত্রভঙ্গ করে। তবে কিছুক্ষণ পরই আবার শ্রমিকদের সড়কে ফিরে আসতে দেখা যায়।

গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন শ্রমিকরা। এতে যান চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি বিভিন্ন স্থানে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরিস্থিতি বিবেচনায় আশপাশের কয়েকটি পোশাক কারখানা বৃহস্পতিবারের জন্য সাধারণ ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।

শ্রমিক বিক্ষোভের পাশাপাশি নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ডাকা লকডাউনকে কেন্দ্র করেও শিল্পাঞ্চলে উদ্বেগ ছড়িয়েছে। এর প্রভাবে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাসসহ গণপরিবহনের সংখ্যা কমে গেছে। বাঘের বাজার, মাস্টারবাড়ি, আনসার রোড ও মাওনা এলাকায় প্রয়োজনীয় যানবাহন না পেয়ে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে যাত্রীদের। কর্মস্থল, শিক্ষাপ্রতিষ্ঠান ও জরুরি প্রয়োজনে বের হওয়া হাজারো মানুষ পড়েছেন দুর্ভোগে। গণপরিবহনের সংকটের পাশাপাশি বিভিন্ন স্থানে অবরোধের কারণে চলাচলরত যানবাহনও বারবার আটকে পড়ছে।

শিল্পাঞ্চলের চলমান অস্থিরতার প্রভাব পড়েছে কারখানার উৎপাদনেও। অধিকাংশ কারখানায় উৎপাদন কার্যক্রম চললেও বেশ কিছু কারখানা বন্ধ রয়েছে। শিল্প পুলিশের তথ্য অনুযায়ী, গাজীপুরে ৫০টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। এ ছাড়া বৃহস্পতিবার ১০টির বেশি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

এর আগে বুধবার সকাল থেকে গাজীপুরের ভোগড়া, বাসন সড়ক, মালেকের বাড়ি, ছয়দানা ও হারিকেন এলাকায় শ্রমিক বিক্ষোভ ছড়িয়ে পড়ে। একপর্যায়ে শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করলে পুলিশের সঙ্গে দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ হয়। বিক্ষুব্ধ শ্রমিকদের দেওয়া আগুনে পুলিশের একটি গাড়ি ও একটি পুলিশ বক্স পুড়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

শ্রমিকদের প্রধান দাবি, বর্তমান বাজার পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ করা। দীর্ঘদিন ধরে এ দাবিতে আন্দোলন চলার মধ্যেই নতুন করে বিভিন্ন এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে শিল্পাঞ্চলে পুলিশ, বিজিবি, আনসার ও প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা দায়িত্ব পালন করছেন।

গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. সফিউল বলেন, শ্রমিকরা বিচ্ছিন্নভাবে বিভিন্ন স্থানে সড়ক ও মহাসড়ক অবরোধ করছেন। এক স্থান থেকে সরিয়ে দিলে অন্য স্থানে গিয়ে আবারও অবরোধ করছেন। মাওনা-শ্রীপুর আঞ্চলিক সড়কে শ্রমিকরা অবরোধ করলে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাঁদের সরিয়ে দেওয়া হয়েছে। এ ছাড়া বেলা ১১টার দিকে শ্রমিকরা হঠাৎ আনসার রোড এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করলে টিয়ারশেল নিক্ষেপ করে তাঁদের সরিয়ে দেওয়া হয়।

মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলন, সড়ক অবরোধ ও লকডাউন ঘিরে সৃষ্ট অস্থিরতায় গাজীপুরের শিল্পাঞ্চলে এখনো স্বাভাবিক পরিস্থিতি ফেরেনি। একদিকে কারখানার উৎপাদন সচল রাখা, অন্যদিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা—সব মিলিয়ে কঠিন পরিস্থিতি মোকাবিলা করতে হচ্ছে প্রশাসনকে।

এমইউ
আরও পড়ুন
সর্বশেষপঠিত