ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নতুন করে কয়েক দিনের বিমান হামলা চালানোর পক্ষে অবস্থান নিয়েছিলেন ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান রোমান গোফম্যান। গত সপ্তাহে ওয়াশিংটন সফরে গিয়ে ট্রাম্প প্রশাসনের কাছে এ প্রস্তাব তুলে ধরেন তিনি। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দ্য ওয়াল স্ট্রিট জার্নাল (ডব্লিউএসজে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
বিষয়টি সম্পর্কে অবগত ব্যক্তিদের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানায়, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ঘনিষ্ঠ আস্থাভাজন গোফম্যান গত শুক্রবার সিআইএ পরিচালক জন র্যাটক্লিফসহ যুক্তরাষ্ট্রের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। এ সময় তিনি ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ইসরায়েলি গোয়েন্দা তথ্য তুলে ধরেন।
প্রতিবেদনে বলা হয়, নেতানিয়াহু কয়েক মাস ধরেই ইরানে নতুন করে হামলা চালানোর জন্য চাপ দিয়ে আসছেন। ইসরায়েলের লক্ষ্য এখনো ইসলামি প্রজাতন্ত্র ইরানের সরকারকে ক্ষমতাচ্যুত করা।
তবে ইসরায়েলের এই উদ্যোগের বিপরীতে পারস্য উপসাগরীয় দেশগুলো, বিশেষ করে কাতার, তেহরানের সঙ্গে কূটনৈতিক সমঝোতার চেষ্টা চালাচ্ছে। নতুন করে সংঘাত শুরু হলে ইরান ওই অঞ্চলের গুরুত্বপূর্ণ অবকাঠামোয় হামলা চালাতে পারে—এমন আশঙ্কা থেকেই দেশগুলো কূটনৈতিক উদ্যোগ নিয়েছে।
ডব্লিউএসজে জানায়, এখন পর্যন্ত এসব কূটনৈতিক প্রচেষ্টা অগ্রগতির মুখ দেখেনি।মার্কিন এক কর্মকর্তা সংবাদমাধ্যমটিকে বলেন, ইরানের বিরুদ্ধে ওয়াশিংটনের অর্থনৈতিক চাপের কৌশল যথেষ্ট কার্যকর হয়েছে।
তাই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এখনই বড় ধরনের সামরিক অভিযান পুনরায় শুরু করার প্রয়োজন নেই। তবে ইরান যাতে পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে, তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের হাতে সব ধরনের বিকল্পই রয়েছে।
প্রতিবেদনে বলা হয়, এ বিষয়ে মন্তব্য জানতে ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়ে যোগাযোগ করা হলেও তারা কোনো জবাব দেয়নি। সিআইএও মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।
সূত্র: দ্য ওয়াল স্ট্রিট জার্নাল।
গতিপথ পরিবর্তন করলো ঘূর্ণিঝড় ‘আকভান’, কখন-কোথায় আঘাত হানবে
দিল্লিতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে দাউদ ইব্রাহিমের সহযোগী নিহত
৩ বাহিনীর প্রধান ও সৈনিকদের নতুন বেতন কাঠামো নির্ধারণ