'মুসলিম' হওয়ায় সিরাজকে একাদশে রাখেনি ভারত?

আপডেট : ২১ নভেম্বর ২০২৬, ১২:৪৭ পিএম

ওয়েলিংটন টেস্টে চার পেসার খেলিয়েও মোহাম্মদ সিরাজকে একাদশে রাখেনি ভারত। অভিজ্ঞ এই পেসারকে বাদ দেওয়ার সিদ্ধান্তে সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকারদের সমালোচনার মধ্যেই ধর্মীয় বৈষম্যের অভিযোগ তুলেছেন কংগ্রেসের এক সংসদ সদস্য। তাঁর প্রশ্ন, নামের কারণেই কি একাদশে জায়গা পাননি সিরাজ? তবে এ অভিযোগের পক্ষে কোনো প্রমাণ দেননি তিনি।

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়েলিংটন টেস্টে ভারতের একাদশে মোহাম্মদ সিরাজের অনুপস্থিতি নিয়ে বিতর্ক ক্রমেই বাড়ছে। চার পেসার নিয়ে মাঠে নামলেও ৪৮ টেস্ট খেলা এই অভিজ্ঞ বোলারকে বাইরে রাখে টিম ম্যানেজমেন্ট। এরপর থেকেই সিদ্ধান্তটির যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলছেন সাবেক ক্রিকেটার, ধারাভাষ্যকার ও রাজনৈতিক ব্যক্তিরা।

শুক্রবার (২০ নভেম্বর) কংগ্রেসের সংসদ সদস্য ইমরান মাসুদ সরাসরি অভিযোগ করেন, নামের কারণেই একাদশে জায়গা পাননি সিরাজ।

বার্তা সংস্থা এএনআইকে তিনি বলেন, ‘বলা হচ্ছে, ভালো পারফরম্যান্স সত্ত্বেও তাকে দলে জায়গা দেওয়া হয়নি। তার নাম সিরাজ। সেই কারণেই তাকে জায়গা দেওয়া হয়নি। ভালো খেলার পরও যদি তাকে বাছাই করা না হয়, তাহলে বৈষম্য স্পষ্ট।’

তবে মাসুদের এই অভিযোগের পক্ষে কোনো প্রমাণ সামনে আসেনি।

পারফরম্যান্সে এগিয়ে, তবু একাদশের বাইরে

বর্তমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে ভারতের সবচেয়ে সফল বোলার মোহাম্মদ সিরাজ। এ সময়ে তাঁর শিকার ৪৩ উইকেট। সাম্প্রতিক সময়ে ভারতের দুটি গুরুত্বপূর্ণ জয়ে বড় ভূমিকা রেখেছেন এই পেসার।

২০২৪-২৫ মৌসুমে অস্ট্রেলিয়ার মাটিতে বর্ডার-গাভাস্কার ট্রফিতে পাঁচ টেস্টে ২০ উইকেট নেন সিরাজ। বল করেন ১৫৭.১ ওভার।

এরপর অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফিতে জসপ্রীত বুমরাহ ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে মাত্র তিনটি ম্যাচ খেলেন। তখন ভারতের পেস আক্রমণের নেতৃত্ব দেন সিরাজ। পাঁচ টেস্টে তাঁর শিকার ছিল ২৩ উইকেট।

দক্ষিণ আফ্রিকার মাটিতেও ভালো পারফরম্যান্স রয়েছে তাঁর। এসইএনএ—দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া—দেশগুলোর মধ্যে কেবল নিউজিল্যান্ডেই আগে টেস্ট খেলার অভিজ্ঞতা নেই সিরাজের। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকায় ২৩ টেস্টে নিয়েছেন ৯১ উইকেট।

চার পেসার খেলিয়েও কেন সিরাজকে নয়?

ওয়েলিংটনের বেসিন রিজার্ভের উইকেটে পেসারদের সহায়তা পাওয়ার প্রত্যাশা ছিল। সেই বিবেচনায় ভারত একাদশে রেখেছিল চারজন পেসার জসপ্রীত বুমরাহ, আকাশ দীপ, প্রসিদ্ধ কৃষ্ণ ও অংশুল কম্বোজকে।

প্রথম দিনের খেলায় কম্বোজ ৬৯ রান দিয়ে নেন দুটি উইকেট। আকাশ দীপ ৫৩ রান খরচায় পান তিনটি উইকেট। তবে শুরুর স্পেলের পর কম্বোজের মিডিয়াম পেস থেকে প্রত্যাশিত বাড়তি সুবিধা পাওয়া যায়নি। অন্যদিকে প্রসিদ্ধ কৃষ্ণ ১০০ রান দিয়ে নেন একটি উইকেট।

এ অবস্থায় প্রশ্ন উঠেছে, ৪৮ টেস্টের অভিজ্ঞ সিরাজকে কি একাদশে রাখা যেত না? ঘণ্টায় প্রায় ১৪০ কিলোমিটার গতিতে বল করতে পারেন তিনি। একাদশে থাকা প্রসিদ্ধ কৃষ্ণের সঙ্গে তাঁর বোলিংয়ের ধরনে কিছুটা মিল থাকলেও অভিজ্ঞতার দিক থেকে এগিয়ে সিরাজ।

সিরাজের বাদ পড়া নিয়ে শাস্ত্রী-ভোগলের প্রশ্ন

ভারতের সাবেক কোচ রবি শাস্ত্রী সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে সিরাজকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলেন।

তিনি লেখেন, ‘গতি, দক্ষতা ও সিমের মুভমেন্টই যদি মাপকাঠি হয় আর ১৪০ কিমি গতির বোলার পাওয়া কঠিন হয়, তাহলে প্রশ্ন তো উঠবেই। মোহাম্মদ সিরাজ কোথায়? অভিজ্ঞতা, আগ্রাসন আর বল হাতে কিছু ঘটিয়ে দেওয়ার সামর্থ্য এগুলো নিশ্চয়ই কোনো কাজে লাগে!’

ধারাভাষ্যকার হারশা ভোগলেও সিদ্ধান্তে বিস্ময় ও হতাশা প্রকাশ করেন।

তিনি লেখেন, ‘ভারত সিরাজকে বাদ দিয়েছে, এটা শুনে আমি হতবাক ও হতাশ। তাকে যা করতে বলা হয়েছে, সবই তিনি করেছেন। বুমরাহর অনুপস্থিতিতে আক্রমণকে টেনে তুলেছেন। দলের জন্য দারুণ ইতিবাচক খেলোয়াড় তিনি। কম্বোজকে শুভকামনা। তবে আশা করি, সিরাজের সঙ্গে খুব খোলামেলা কিছু কথা হবে।’

ভারতের সাবেক অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিনও সিরাজকে একাদশে না দেখে হতাশা প্রকাশ করেন।

এক্সে তিনি লেখেন, ‘বিশেষ করে বুমরাহর অনুপস্থিতিতে যখন দলের তাকে দরকার ছিল, তখন তাঁর পারফরম্যান্স প্রতিশ্রুতি, সামর্থ্য ও লড়াকু মনোভাবের পরিচয় দিয়েছে। দেশের জন্য তিনি বারবার এগিয়ে এসেছেন এবং ফল এনে দিয়েছেন।’

আজহারউদ্দিন আরও লেখেন, ‘কম্বোজের জন্য শুভকামনা। তবে আমার মনে হয়, সিরাজ আরও ভালো বিবেচনা পাওয়ার যোগ্য ছিলেন। আশা করি, তিনি যে স্পষ্টতা ও সম্মান পাওয়ার যোগ্য, তা দিয়েই এই সিদ্ধান্ত তাঁকে ব্যাখ্যা করা হবে।’

টিম ম্যানেজমেন্টের সঙ্গে দূরত্বের গুঞ্জন

সিরাজকে বাদ দেওয়ার পেছনে নির্বাচনী সিদ্ধান্তের পাশাপাশি টিম ম্যানেজমেন্টের সঙ্গে তাঁর যোগাযোগের বিষয়টিও আলোচনায় এসেছে।

‘টাইমস অব ইন্ডিয়া’র এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, সিরাজ ও টিম ম্যানেজমেন্টের মধ্যে যোগাযোগের ঘাটতি তৈরি হয়েছিল। জুনে আফগানিস্তানের বিপক্ষে টেস্টের পর আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকে বিরতি চেয়েছিলেন তিনি। এরপর থেকেই সমস্যার সূত্রপাত বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ভারতের সাবেক স্পিনার রবিচন্দ্রন অশ্বিনও সিরাজের বাদ পড়ার ঘটনাকে বিচ্ছিন্ন সিদ্ধান্ত হিসেবে দেখছেন না। নিজের ইউটিউব চ্যানেলে তিনি বলেন, ‘পুরো এক মাস ধরে তারা মোহাম্মদ সিরাজকে বাদ দেওয়ার পরিবেশ তৈরি করছে। শেষ পর্যন্ত তাঁকে বিশ্বকাপের দল থেকেও বাদ দিলে অবাক হবেন না। এটা শুধু ট্রেলার।’

ধর্মীয় বৈষম্যের অভিযোগ নাকচ রিজিজুর

কংগ্রেস সাংসদ ইমরান মাসুদের অভিযোগের প্রতিক্রিয়ায় তা নাকচ করেছেন ভারতের কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু।

নয়াদিল্লিতে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমাদের দেশে সুযোগ দেওয়া হয় যোগ্যতার ভিত্তিতে। ধর্ম বা বর্ণের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।’

অর্থাৎ, সিরাজকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়ে রাজনৈতিক অঙ্গনে ধর্মীয় বৈষম্যের অভিযোগ উঠলেও কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে তা প্রত্যাখ্যান করা হয়েছে।

সরফরাজ খানের দল থেকে বাদ পড়া নিয়েও প্রশ্ন

সিরাজের একাদশে জায়গা না পাওয়া নিয়ে বিতর্কের পাশাপাশি ভারতের টেস্ট দলে সরফরাজ খানের অনুপস্থিতিও আলোচনায় এসেছে। সিরাজ সফরের দলে থাকলেও শুধু ওয়েলিংটন টেস্টের একাদশে জায়গা পাননি। কিন্তু সরফরাজকে পুরো টেস্ট দলেই রাখা হয়নি।

ঘরোয়া ক্রিকেটে রান করার পাশাপাশি ফিটনেস নিয়েও কাজ করেছেন সরফরাজ। এরপরও জাতীয় দলে ফিরতে তাঁকে আর কী করতে হবে, সেই প্রশ্ন তুলেছেন তিনি।

২০২৪ সালে ওয়াংখেড়েতে নিউজিল্যান্ডের বিপক্ষে ছিল তাঁর সর্বশেষ টেস্ট। পরে অস্ট্রেলিয়া সফরে দলের সঙ্গে থাকলেও কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি।

সরফরাজ বলেন, ‘কোনো নির্বাচক সরাসরি এটা বলেননি। তবে ভারতীয় দলের সঙ্গে থাকার সময় আমি শুধু শুনেছি, ভারতীয় কন্ডিশনের জন্য তারা আমাকে বেশি ভাবছেন।’

সিরাজের বাদ পড়া নিয়ে ধর্মীয় বৈষম্যের অভিযোগ, টিম ম্যানেজমেন্টের সঙ্গে যোগাযোগের ঘাটতির দাবি এবং সাবেক ক্রিকেটারদের প্রশ্ন—সব মিলিয়ে ভারতের একাদশ নির্বাচন নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে। তবে সিরাজকে বাদ দেওয়ার প্রকৃত কারণ সম্পর্কে টিম ম্যানেজমেন্টের ব্যাখ্যাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।

এসজেড
আরও পড়ুন
সর্বশেষপঠিত