২০২৬-২৭ শিক্ষাবর্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি আবেদন শুরু হচ্ছে আজ রোববার (২২ নভেম্বর)। সকাল ১০টা থেকে অনলাইনে আবেদন করতে পারবেন ভর্তিচ্ছুরা। আবেদন করা যাবে আগামী ১৫ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, এবার ৩৭টি বিভাগ ও ইনস্টিটিউটের অধীনে মোট ১ হাজার ৮৪৮টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে। আগ্রহী প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের ভর্তি-সংক্রান্ত ওয়েবসাইটে দেওয়া নির্দেশনা অনুসরণ করে পছন্দের ইউনিটে আবেদন করতে হবে।
আবেদনের যোগ্যতা
ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৩ ও ২০২৪ সালে মাধ্যমিক বা সমমানের এবং ২০২৫ ও ২০২৬ সালে উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। তবে ইউনিটভেদে নির্ধারিত জিপিএ ও অন্যান্য শর্ত পূরণ করতে হবে।
আবেদন ফি
ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড অথবা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অনলাইনে আবেদন ফি জমা দিতে হবে। এ, বি, সি ও ডি ইউনিটের প্রতিটির আবেদন ফি ৮০০ টাকা। ই ইউনিট, সি-১ ইউনিট এবং আইবিএ-জেইউর আবেদন ফি ৬০০ টাকা করে নির্ধারণ করা হয়েছে। এর সঙ্গে সব ইউনিটের ক্ষেত্রে ১ দশমিক ২ শতাংশ সার্ভিস চার্জ প্রযোজ্য হবে।
প্রবেশপত্র ও ভর্তি পরীক্ষার সময়সূচি
আগামী ২৫ ডিসেম্বর থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন আবেদনকারীরা। ভর্তি পরীক্ষা ২০২৭ সালের ১০ থেকে ২১ জানুয়ারির মধ্যে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে শুক্র ও শনিবার এবং সরকারি ছুটির দিনগুলোতে পরীক্ষা হবে না। পরীক্ষার চূড়ান্ত তারিখ, সময়সূচি ও আসনবিন্যাস পরে বিশ্ববিদ্যালয়ের ভর্তি-সংক্রান্ত ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
আবেদনের নিয়মাবলি
আবেদন করতে প্রথমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি-সংক্রান্ত ওয়েবসাইট admission.juniv.edu-তে প্রবেশ করতে হবে। সেখানে প্রয়োজনীয় তথ্য দিয়ে নিজের ন্যূনতম যোগ্যতা যাচাই করতে হবে। এরপর আবেদনকারীকে নিজের অথবা অভিভাবকের মোবাইল নম্বর নিশ্চিত করতে হবে। ওই নম্বরে পাঠানো পাসওয়ার্ড আবেদন ও পরবর্তী সময়ে ওয়েবসাইট ব্যবহারের জন্য সংরক্ষণ করতে হবে।
একটি মোবাইল নম্বর ব্যবহার করে একজন আবেদনকারী একাধিক ইউনিটে আবেদন করতে পারবেন। তবে একই নম্বর দিয়ে একই ইউনিটে একাধিকবার আবেদন করা যাবে না।
আবেদনকারীদের নিজস্ব প্রোফাইলে গিয়ে ‘ছবি আপলোড করুন’ ও ‘স্বাক্ষর আপলোড করুন’ অপশনে প্রয়োজনীয় ছবি ও স্বাক্ষর জমা দিতে হবে। সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবির মাপ হতে হবে ৩০০×৩০০ পিক্সেল এবং ফাইলের আকার সর্বোচ্চ ১০০ কিলোবাইট। স্বাক্ষরের মাপ ৩০০×৮০ পিক্সেল এবং ফাইলের আকার সর্বোচ্চ ৬০ কিলোবাইট হতে হবে। ছবি ও স্বাক্ষর জেপিজি অথবা জেপিইজি ফরম্যাটে আপলোড করতে হবে।
এরপর আবেদনযোগ্য ইউনিটের তালিকা থেকে পছন্দের ইউনিট নির্বাচন করে নির্ধারিত ফি জমা দিতে হবে। যোগ্যতা অনুযায়ী একজন শিক্ষার্থী এক বা একাধিক ইউনিটে আবেদন করতে পারবেন। পেমেন্টের বিস্তারিত নিয়ম ও ধাপ বিশ্ববিদ্যালয়ের ভর্তি-সংক্রান্ত ওয়েবসাইটে পাওয়া যাবে।
এ ছাড়া ও-লেভেল ও এ-লেভেল উত্তীর্ণ শিক্ষার্থীদের প্রয়োজনীয় তথ্যের পাশাপাশি ট্রান্সক্রিপ্টের স্ক্যান কপি আপলোড করে আবেদন করতে হবে।
প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি বৈঠকে বসছে কাল
আজ বায়ুদূষণে ঢাকার অবস্থান কত?