নির্জন কারাবাস শেষে ডেমন কারাগারে ফিরলেন ফিলিস্তিনি সাংবাদিক বুশরা

আপডেট : ২২ নভেম্বর ২০২৬, ০৫:১৩ পিএম

দীর্ঘ ৮০ দিনেরও বেশি সময় বিভিন্ন কারাগারে নির্জন বন্দিজীবন কাটানোর পর ফিলিস্তিনি সাংবাদিক বুশরা আল-তাওয়িলকে পুনরায় ডেমন কারাগারে নেওয়া হয়েছে। ফিলিস্তিনি বন্দিদের অধিকার নিয়ে কাজ করা দুটি সংগঠন এ তথ্য জানিয়েছে।

বন্দি ও সাবেক বন্দিদের বিষয়ক কমিশন এবং ফিলিস্তিনি প্রিজনার্স সোসাইটি (পিপিএস) এক যৌথ বিবৃতিতে জানায়, নির্জন কারাবাসের পুরো সময়ে বুশরাকে একাধিক কারাগার ও আটককেন্দ্রে স্থানান্তর করা হয়েছে। এর মধ্যে রয়েছে রামলার নেভে তিরজা কারাগার এবং বেয়ারশেবার ওহালে ওজ নির্জন কারাবাস কেন্দ্র। এ সময় তিনি বিভিন্ন অধিকার থেকে বঞ্চিত হয়েছেন বলে অভিযোগ করেছে সংগঠন দুটি।

৩৩ বছর বয়সী বুশরা গত ৪ নভেম্বর প্রকাশিত এক জবানবন্দিতে তাঁর কারাবাসের বিস্তারিত তুলে ধরেন। তিনি জানান, গত ১৭ আগস্ট ডেমন কারাগারে তাঁকে নির্জন কক্ষে রাখা হয়। ছয় দিন পর তাঁকে রামলার নেভে তিরজা কারাগারে নেওয়া হয়। সেখানে ৭ অক্টোবর পর্যন্ত থাকার পর স্থানান্তর করা হয় ওহালে ওজ কেন্দ্রে। ওই কেন্দ্রের ছয় নম্বর সেলে তাঁকে একাকী রাখা হয়েছিল।

বুশরা তাঁর আইনজীবীকে জানিয়েছেন, কী কারণে তাঁকে নির্জন কারাবাসে রাখা হয়েছে, সে বিষয়ে কারা কর্তৃপক্ষ কোনো ব্যাখ্যা দেয়নি। এমনকি নভেম্বরের শুরুতে নির্জন কারাবাসের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হলেও এর কারণ তাঁকে জানানো হয়নি।

প্রেস টিভির প্রতিবেদন অনুযায়ী, গত ৫ ফেব্রুয়ারি রামাল্লার উত্তরে আইন সিনিয়া সামরিক চেকপোস্ট পার হওয়ার সময় আল-বিরেহ এলাকা থেকে তাঁকে আটক করে ইসরায়েলি বাহিনী। এর আগে ২০২৫ সালের জানুয়ারিতে বন্দিবিনিময় চুক্তির মাধ্যমে মুক্তি পেয়েছিলেন তিনি।

কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টসের (সিপিজে) তথ্য অনুযায়ী, আটকের পর ১২ ফেব্রুয়ারি বুশরার বিরুদ্ধে চার মাসের প্রশাসনিক আটকাদেশ দেওয়া হয়। পরবর্তী সময়ে জুনে তাঁর আইনজীবী জানান, কোনো আনুষ্ঠানিক অভিযোগ ছাড়াই ওফার সামরিক আদালত ওই আটকাদেশের মেয়াদ আরও চার মাস বাড়িয়েছে।

এর আগেও একাধিকবার কারাবন্দি হয়েছেন বুশরা। ২০১১ সালে প্রথমবার আটক হওয়ার পর ওয়াফা আল-আহরার বন্দিবিনিময় চুক্তির আওতায় মুক্তি পান তিনি। ২০১৪ সালে আবারও তাঁকে আটক করে আগের সাজা কার্যকরের জন্য কারাগারে পাঠানো হয়। ২০১৭ সালে আট মাস এবং ২০১৯ সালেও তাঁকে প্রশাসনিক আটকাদেশের আওতায় রাখা হয়েছিল।

এদিকে ফিলিস্তিনি প্রিজনার্স সোসাইটি জানিয়েছে, দীর্ঘ কারাবাসের কারণে বুশরার শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তাঁর চোখ, ত্বক ও হাতে শুষ্কতা দেখা দিয়েছে। দীর্ঘ সময় হাতকড়া পরিয়ে রাখার কারণে হাতেও অসাড়তা তৈরি হয়েছে বলে সংগঠনটির দাবি।

সংগঠনটি আরও জানায়, নির্জন কারাবাসে পাঠানোর আগেই বুশরা খোসপাঁচড়ায় আক্রান্ত ছিলেন। এরপরও তাঁকে কঠিন পরিবেশে রাখা হয় এবং প্রয়োজনীয় সুযোগ-সুবিধা দেওয়া হয়নি বলে অভিযোগ করা হয়েছে।

সূত্র: প্রেস টিভি, ফিলিস্তিনি প্রিজনার্স সোসাইটি ও কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস।

বিএইচবি
আরও পড়ুন