অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বাড়িঘর ও যানবাহনে অগ্নিসংযোগসহ বিভিন্ন সহিংস ঘটনায় ইসরায়েলি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন দেশটির রাজনীতিক গাদি আইজেনকোট। এসব হামলাকে ‘ইহুদি সন্ত্রাসবাদ’ হিসেবে অভিহিত করে তিনি এর তীব্র নিন্দা জানিয়েছেন।
একই সঙ্গে ফিলিস্তিনিদের বিরুদ্ধে সহিংসতা ছড়ানোর জন্য ইসরায়েলের কট্টর ডানপন্থি দুই মন্ত্রী বেজালেল স্মোট্রিচ ও ইতামার বেন-গভিরকে দায়ী করে সমালোচনা করেছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে আইজেনকোট বলেন, চরমপন্থিদের নাশকতা, বাড়িঘর ও গাড়িতে আগুন দেওয়ার মতো ঘটনা শুধু আঞ্চলিক স্থিতিশীলতাই নষ্ট করছে না, মানুষের জীবনকেও ঝুঁকির মুখে ফেলছে। পাশাপাশি এসব কর্মকাণ্ড ইসরায়েলের জাতীয় নিরাপত্তা ও আন্তর্জাতিক সম্পর্কের জন্য বড় ধরনের ক্ষতি ডেকে আনছে।
তিনি আরও অভিযোগ করেন, পশ্চিম তীরে বেন-গভির ও স্মোট্রিচের নেতৃত্বে পরিচালিত কর্মকাণ্ড পরিস্থিতিকে নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যাচ্ছে। এতে ওই অঞ্চলে নৈরাজ্যকর পরিস্থিতি তৈরির আশঙ্কা বাড়ছে।
সহিংসতা নিয়ন্ত্রণে ইসরায়েলি প্রশাসনের প্রতি কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে আইজেনকোট বলেন, হামলায় জড়িত ব্যক্তিদের থামাতে প্রশাসনিক আটক, অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেতের লক্ষ্যভিত্তিক অভিযানসহ প্রয়োজনীয় সব ব্যবস্থা নিতে হবে। অপরাধীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থাও নিশ্চিত করতে হবে।
উল্লেখ্য, অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা এবং এসব ঘটনায় সরকারের ভূমিকা নিয়ে ইসরায়েলের অভ্যন্তরেও দীর্ঘদিন ধরে রাজনৈতিক বিতর্ক চলছে। আইজেনকোটের সর্বশেষ বক্তব্য সেই বিতর্ককে আরও উসকে দিয়েছে।
সূত্র: দ্যা জেরুজালেম পোস্ট
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধে ৬২৩ শিশু নিহত হয়েছে: ইরান
ইরানের পরমাণু নীতিতে কি পরিবর্তন আসতে পারে?