গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রের চারটি এমকিউ-১ গোয়েন্দা ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। সর্বশেষ হরমুজ প্রণালির পূর্বাঞ্চলে যুক্তরাষ্ট্রের তৈরি একটি এমকিউ-১সি ইআর ড্রোন ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে বাহিনীটি।
এটিকে ইরানের ভূপাতিত করা ২০তম মার্কিন এমকিউ-১ ড্রোন বলে দাবি করা হয়েছে।ইরানের সংবাদমাধ্যম মেহের নিউজ এজেন্সি ২২ নভেম্বর প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
আইআরজিসির জনসংযোগ দপ্তরের বিবৃতিতে বলা হয়, কেশম দ্বীপের আকাশে উন্নত প্রযুক্তির একটি মার্কিন এমকিউ-১ ড্রোন শনাক্তের পর সেটি ধ্বংস করা হয়। এর আগে একই দিনে ১৯তম মার্কিন এমকিউ-১ ড্রোন ভূপাতিত করার ঘোষণাও দিয়েছিল বাহিনীটি।
বিবৃতিতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর ৫৮তম এমকিউ-৯ গোয়েন্দা ও যুদ্ধ ড্রোন ধ্বংসের পর আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স নতুন সমন্বিত আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ব্যবহার করে আরেকটি মার্কিন ড্রোন শনাক্ত করে। পরে সেটিকে সফলভাবে ভূপাতিত করা হয়।
আইআরজিসির দাবি, সিরিক দ্বীপের আকাশে নির্ভুল ও কার্যকর গোলাবর্ষণের মাধ্যমে ড্রোনটি ধ্বংস করা হয়েছে। তবে ড্রোন ভূপাতিতের স্থান নিয়ে প্রতিবেদনে ভিন্ন ভিন্ন তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনের শুরুতে সর্বশেষ ড্রোনটি হরমুজ প্রণালির পূর্বাঞ্চলে ধ্বংসের কথা বলা হলেও পরবর্তী অংশে কেশম ও সিরিক দ্বীপের আকাশে ড্রোন ভূপাতিতের বিবরণ দেওয়া হয়েছে। এ ছাড়া ১৯তম ও ২০তম ড্রোন ধ্বংসের ঘটনাগুলোর স্থান সম্পর্কেও বর্ণনায় অস্পষ্টতা রয়েছে।
সূত্র: মেহের নিউজ এজেন্সি।
ফিলিস্তিনিদের ওপর হামলা বন্ধে কঠোর ব্যবস্থা চান গাদি আইজেনকোট
পুরোনো ছবি দিয়ে আগের বিশ্বব্যবস্থা ফিরবে না, যুক্তরাষ্ট্রকে ইরানের সতর্কবার্তা