বেলজিয়ামে ধর্মঘটে বিমান চলাচলে বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা

আপডেট : ২২ নভেম্বর ২০২৬, ০৭:০৬ পিএম

বেলজিয়ামে জাতীয় ধর্মঘটের কারণে সোমবার (২৩ নভেম্বর) দেশটির বিমান চলাচলে বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা তৈরি হয়েছে। এদিন দেশটির প্রায় সব বিমানবন্দরে নিয়মিত ফ্লাইট পরিচালনা বন্ধ থাকতে পারে। এতে হাজার হাজার যাত্রী ভোগান্তিতে পড়ার আশঙ্কা রয়েছে।

দেশটির বিমান চলাচল নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান স্কাইস জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত স্বাভাবিক এয়ার ট্রাফিক কন্ট্রোল সেবা দেওয়া সম্ভব হবে না। পর্যাপ্ত কর্মী না থাকায় নিরাপদে নিয়মিত বিমান চলাচল নিশ্চিত করা কঠিন হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

ব্রাসেলস বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, এ পরিস্থিতিতে অধিকাংশ অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করতে হতে পারে। সোমবার বিমানবন্দরটিতে ৪২৯টি ফ্লাইটে প্রায় ৫৯ হাজার ৫০০ যাত্রীর চলাচলের পরিকল্পনা ছিল।

অন্যদিকে, ব্রাসেলস দক্ষিণ শার্লেরোয়া বিমানবন্দরও জানিয়েছে, বিমান নিয়ন্ত্রণ সেবা বন্ধ থাকায় নির্ধারিত সময়ে কোনো বাণিজ্যিক ফ্লাইট উড্ডয়ন বা অবতরণ করতে পারবে না।

মূলত সরকারের ব্যয় সংকোচন নীতির প্রতিবাদে দেশটির শ্রমিক সংগঠনগুলো এ ধর্মঘটের ডাক দিয়েছে। তাদের কর্মসূচির কারণে পরিবহনসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি সেবাতেও বিঘ্ন ঘটতে পারে।

যাত্রীদের বিমানবন্দরে যাওয়ার আগে সংশ্লিষ্ট এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের সর্বশেষ অবস্থা জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

সূত্র: এএফপি

বিএইচবি
আরও পড়ুন
সর্বশেষপঠিত