বরগুনার বামনা শহর ও নদীতীরবর্তী জনপদকে বিষখালী নদীর ভাঙন থেকে রক্ষা এবং দুটি গুরুত্বপূর্ণ লঞ্চঘাটের নিরাপত্তা নিশ্চিত করতে প্রকল্পের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। এ লক্ষ্যে বামনা শহর, রামনা ও কালিকাবাড়ী লঞ্চঘাট প্রতিরক্ষা এবং পোল্ডারের অভ্যন্তরে টেকসই পানি ব্যবস্থাপনার জন্য প্রকল্পের পুনর্গঠিত উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) প্রস্তুত করা হয়েছে।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী (পুর) পরিকল্পনা বিভাগের একটি চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। চিঠিতে বলা হয়, পানি সম্পদ মন্ত্রণালয়ের যাচাই কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী প্রকল্পটির ডিপিপি পুনর্গঠন করা হয়েছে। পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পুনর্গঠিত ডিপিপি সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।
প্রস্তাবিত প্রকল্পটি বাস্তবায়িত হলে বিষখালী নদীর ভাঙন থেকে বামনা শহর, রামনা ও কালিকাবাড়ী লঞ্চঘাট রক্ষার পাশাপাশি পোল্ডার এলাকার অভ্যন্তরে টেকসই পানি ব্যবস্থাপনার সুযোগ তৈরি হবে। এতে নদীতীরবর্তী এলাকার বসতবাড়ি, ফসলি জমি, রাস্তাঘাট ও গুরুত্বপূর্ণ স্থাপনা সুরক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করছেন স্থানীয়রা।
এদিকে বামনার দীর্ঘদিনের নদীভাঙন সমস্যা সমাধানে উদ্যোগ ও প্রচেষ্টার জন্য বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ আলহাজ্ব নূরুল ইসলাম মনি এবং বামনা উপজেলা বিএনপির সাবেক সদস্য ও শিল্পপতি আলহাজ্ব মো. রুহুল আমিন শরীফের কথা উল্লেখ করছেন স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তাঁদের উদ্যোগে প্রকল্পটির অগ্রগতির খবরে এলাকাবাসীর মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
স্থানীয়দের প্রত্যাশা, প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া দ্রুত শেষ করে প্রকল্পটির চূড়ান্ত অনুমোদন ও বাস্তবায়নের ব্যবস্থা করা হবে। একই সঙ্গে জিও ব্যাগ ও ব্লক স্থাপনের মাধ্যমে নদীতীর সংরক্ষণের কার্যকর উদ্যোগ নেওয়া হবে।
বিষখালী নদীর অব্যাহত ভাঙনে দীর্ঘদিন ধরে ঝুঁকিতে থাকা বামনাবাসীর আশা, প্রকল্পটি অনুমোদন ও বাস্তবায়িত হলে নদীভাঙনের ঝুঁকি কমবে। সুরক্ষা পাবে গুরুত্বপূর্ণ জনপদ, লঞ্চঘাট ও জনস্বার্থসংশ্লিষ্ট স্থাপনা।
লিবিয়াকে বিদেশি সংঘাতের রণক্ষেত্র হতে দেওয়া যাবে না: জাতিসংঘ