গরুর মাংসের প্রতি বিশেষ আকর্ষণ রয়েছে আর্জেন্টিনার মানুষের। জনপ্রতি বার্ষিক গরুর মাংস খাওয়ার হিসাবে বিশ্বে শীর্ষে রয়েছে দেশটি। অন্যদিকে, বিশ্বের ৭৬টি দেশের বাজারদর তুলনায় সবচেয়ে কম দামে গরুর মাংস পাওয়া যায় আফ্রিকার দেশ জাম্বিয়ায়। এই তালিকায় বাংলাদেশের অবস্থান ৬৯তম।
আর্জেন্টিনায় একজন মানুষ বছরে গড়ে প্রায় ৪৯ কেজি গরুর মাংস খেয়ে থাকেন। জনপ্রতি ব্যবহারের হিসাবে দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। দেশটিতে বছরে জনপ্রতি গরুর মাংস খাওয়ার পরিমাণ প্রায় ৩৯ কেজি। তৃতীয় অবস্থানে থাকা যুক্তরাষ্ট্রে এই পরিমাণ প্রায় ৩৭ কেজি।
আর্জেন্টিনার খাদ্যসংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ গরুর মাংস। বিশেষ করে ‘আসাদো’ নামে পরিচিত বারবিকিউ বা খোলা আগুনে মাংস পোড়ানোর আয়োজন দেশটিতে বেশ জনপ্রিয়।
আর্জেন্টিনার কৃষি, প্রাণিসম্পদ ও মৎস্যবিষয়ক মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে দেশটিতে জনপ্রতি গরুর মাংস ব্যবহারের পরিমাণ ছিল ৪৯ দশমিক ৯২ কেজি। আগের বছর অর্থাৎ ২০২৪ সালে এ পরিমাণ ছিল ৪৮ দশমিক ৪৯ কেজি। অর্থাৎ এক বছরের ব্যবধানে জনপ্রতি মাংসের ব্যবহার বেড়েছে।
তবে মোট গরুর মাংস ব্যবহারের হিসাবে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। ২০২৪ সালের হিসাব অনুযায়ী, দেশটিতে গরু ও বাছুরের মাংসের মোট ব্যবহার ছিল প্রায় ১ কোটি ৩০ লাখ টন। এ তালিকায় পরবর্তী অবস্থানে রয়েছে চীন ও ব্রাজিল।
গ্লোবাল প্রোডাক্ট প্রাইসেসের ২০২৬ সালের জানুয়ারির বাজারদরের তুলনামূলক তালিকায় ৭৬টি দেশের মধ্যে সবচেয়ে কম দামে গরুর মাংস পাওয়া গেছে জাম্বিয়ায়। দেশটিতে প্রতি কেজি কাঁচা গরুর মাংসের গড় দাম ছিল ৪ ডলার ৮৭ সেন্ট, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬০৭ টাকা।
তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে নাইজেরিয়া। দেশটিতে প্রতি কেজি গরুর মাংসের দাম বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭২৬ টাকা। এ ছাড়া ক্যামেরুনে ৭৩১ টাকা, পাকিস্তানে ৮১৩ টাকা এবং মালয়েশিয়ায় ৮১৮ টাকা।
অন্যদিকে, একই তালিকায় বাংলাদেশের অবস্থান ৬৯তম। দেশে প্রতি কেজি গরুর মাংসের গড় দাম দেখানো হয়েছে প্রায় ৮৬৪ টাকা।
তবে এসব দাম ২০২৬ সালের জানুয়ারির তুলনামূলক বাজারদরের ভিত্তিতে তৈরি। স্থানীয় বাজার, মাংসের ধরন, গুণগত মান ও বিক্রির স্থানভেদে প্রকৃত দামের পার্থক্য হতে পারে।
শিবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু
বায়ুদূষণে মালদ্বীপে রেড অ্যালার্ট জারি