একসময় রাজধানীর কারওয়ান বাজার, তেজগাঁও, রাজাবাজার ও শেরেবাংলা নগরসহ বিভিন্ন এলাকার অপরাধজগতের নিয়ন্ত্রণ ছিল শেখ মোহাম্মদ আসলাম ওরফে সুইডেন আসলামের হাতে। খুন, চাঁদাবাজি, জমি দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ডের নানা অভিযোগে আলোচিত এই ব্যক্তি দীর্ঘ ২৭ বছর কারাগারে ছিলেন। ২০২৪ সালে জামিনে মুক্তি পাওয়ার পর আবারও গ্রেপ্তার হলেন তিনি। এবার রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঢাকার অপরাধ জগতে একসময় আতঙ্কের নাম ছিল সুইডেন আসলাম। আশির দশকের শেষভাগে অপরাধ জগতে তাঁর উত্থান শুরু হয়। নব্বইয়ের দশকে রাজধানীর বিভিন্ন এলাকায় একের পর এক হত্যাকাণ্ড ও সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনায় তাঁর নাম আলোচনায় আসে। দীর্ঘদিন আত্মগোপনে থাকা, ছদ্মবেশে চলাফেরা এবং সবসময় বুলেটপ্রুফ জ্যাকেট পরে থাকার কারণে তাঁকে ঘিরে তৈরি হয়েছিল নানা রহস্য।
রোববার (২২ নভেম্বর) দিবাগত রাতে থাইল্যান্ড যাওয়ার উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গেলে তাঁকে গ্রেপ্তার করা হয়। থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে যাওয়ার জন্য ইমিগ্রেশনের কার্যক্রম সম্পন্ন করার সময় পুলিশ তাঁকে আটক করে। পরে তাঁকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়।
সোমবার (২৩ নভেম্বর) ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সুইডেন আসলামের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
আশির দশকের শেষভাগে অপরাধজগতে প্রবেশ, নব্বইয়ের দশকে আধিপত্য বিস্তার, কারাগারে থেকেও অপরাধ নিয়ন্ত্রণের অভিযোগ এবং দীর্ঘদিন পর জামিনে মুক্তি সব মিলিয়ে নতুন করে আলোচনায় এসেছেন একসময়ের এই আলোচিত সন্ত্রাসী। কে এই সুইডেন আসলাম, কীভাবে তাঁর উত্থান এবং অপরাধজগতে কীভাবে প্রভাব বিস্তার করেছিলেন, তা নিয়ে রয়েছে নানা তথ্য।
যেভাবে অপরাধজগতে উত্থান
সুইডেন আসলামের পুরো নাম শেখ মোহাম্মদ আসলাম। তাঁর বাড়ি ঢাকার নবাবগঞ্জ উপজেলার ছাতিয়া এলাকায়। তাঁর বাবা শেখ জিন্নাত আলী। পরিবার নিয়ে তিনি ঢাকার ইন্দিরা রোডে থাকতেন। তেজগাঁও পলিটেকনিক স্কুল, বর্তমানে তেজগাঁও সরকারি বিদ্যালয়, থেকে এসএসসি পাস করেন।
বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী, ১৯৮৬-৮৭ সালের দিকে অপরাধ জগতে আসলামের উত্থান শুরু হয়। প্রথম দিকে রাজাবাজার ও ইন্দিরা রোড এলাকায় তাঁর প্রভাব ছিল। ১৯৮৭ সালে পূর্ব রাজাবাজারের নাজনীন স্কুলের ভেতরে মায়ের সামনে কিশোর শাকিলকে হত্যার অভিযোগে তিনি আলোচনায় আসেন।
নব্বইয়ের দশকের শুরুতে কারওয়ান বাজার ও আশপাশের এলাকার অপরাধজগৎ নিয়ন্ত্রণ করত জাতীয় তরুণ পার্টির রানা গ্রুপ। ওই গ্রুপের অন্যতম সদস্য ছিলেন পিচ্চি হান্নান। এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ১৯৯০ সালের পর রানা গ্রুপের সঙ্গে আসলামের বিরোধ বাড়তে থাকে। দুই পক্ষের মধ্যে নিয়মিত সংঘর্ষ, গোলাগুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটত। এসব সংঘর্ষে হতাহতের ঘটনাও ঘটে।
১৯৯৬ সালে রানা গ্রুপের অন্যতম সদস্য পিচ্চি হান্নানকে নিজের দলে ভেড়ান আসলাম। একই বছর কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউয়ের সুপারস্টার হোটেলের সামনে রানাকে হত্যার ঘটনায় আসলাম ও হান্নানের নাম আসে। অভিযোগ রয়েছে, হান্নানকে দিয়ে ওই হত্যাকাণ্ড ঘটান আসলাম।
রানার মৃত্যুর পর কারওয়ান বাজার, তেজতুরি বাজার, তেজগাঁও, তেজগাঁও শিল্পাঞ্চল ও শেরেবাংলা নগর এলাকায় আসলামের আধিপত্য বিস্তৃত হয়। কারওয়ান বাজার ও তেজতুরি বাজারের দায়িত্ব দেন পিচ্চি হান্নানকে। তবে এসব এলাকায় চাঁদাবাজি ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালিত হতো আসলামের নামেই।
কারাগারে থেকেও অপরাধ নিয়ন্ত্রণের অভিযোগ
১৯৯৭ সালের ২৩ মার্চ যুবলীগ নেতা গালিব হত্যাকাণ্ডের পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে আসেন সুইডেন আসলাম। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, একই বছরের ২৬ মে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় তাঁর বয়স ছিল ৩৫ বছর। সে সময় তাঁর কাছ থেকে বুলেটপ্রুফ জ্যাকেট উদ্ধারের কথাও জানা যায়।
গ্রেপ্তারের পর কারাগারে থাকলেও অপরাধ জগতের সঙ্গে তাঁর যোগাযোগ বিচ্ছিন্ন হয়নি বলে অভিযোগ রয়েছে। এ ক্ষেত্রে তাঁর প্রধান সহযোগী হিসেবে কাজ করতেন পিচ্চি হান্নান। কারাগারে বসেই আসলাম বিভিন্ন এলাকার ব্যবসায়ী, আড়তদার, পোশাক কারখানার মালিক এবং জমি কেনাবেচার সঙ্গে জড়িত ব্যক্তিদের কাছ থেকে চাঁদা আদায় নিয়ন্ত্রণ করতেন বলে অভিযোগ রয়েছে। এসব অর্থের ভাগও তিনি পেতেন বলে বিভিন্ন সূত্রে জানা যায়।
এ ছাড়া মাদক চোরাচালান, অর্থের বিনিময়ে হত্যাকাণ্ড এবং জমি দখলের মতো অপরাধেও তাঁর জড়িত থাকার অভিযোগ ছিল।
কারাগারের ভেতরেও একাধিকবার মারামারির ঘটনায় আলোচনায় আসেন আসলাম। তাঁর সেল থেকে দুটি মুঠোফোন উদ্ধারের তথ্যও বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে। এসব ফোনের মাধ্যমে বাইরে থাকা সহযোগীদের সঙ্গে যোগাযোগ এবং মামলার বাদী ও সাক্ষীদের হুমকি দেওয়ার অভিযোগ ছিল। এ কারণে বিভিন্ন সময়ে তাঁকে এক কারাগার থেকে অন্য কারাগারে স্থানান্তর করা হয়।
যেভাবে নামের সঙ্গে যুক্ত হয় ‘সুইডেন’
আসলামের নামের আগে ‘সুইডেন’ শব্দটি যুক্ত হওয়ার পেছনে রয়েছে তাঁর ব্যক্তিগত জীবনের একটি ঘটনা। জানা যায়, তাঁর প্রথম স্ত্রী-ইতি ছিলেন সুইডেন প্রবাসী। বিয়ের পর আসলামও কয়েক বছর সুইডেনে ছিলেন। সেই সূত্রেই তিনি সুইডেন আসলাম নামে পরিচিতি পান। পরে ইতির সঙ্গে তাঁর বিচ্ছেদ ঘটে।
আসলামের ঘনিষ্ঠজনদের কারও কারও দাবি, ২০১০ সালের পর জামিনে মুক্তি পাওয়ার সুযোগ থাকলেও ‘ক্রসফায়ারের’ আশঙ্কায় তিনি সেভাবে জামিনের চেষ্টা করেননি।
জানা যায়, তাঁর বিরুদ্ধে ১২টি মামলা রয়েছে, যার মধ্যে নয়টি হত্যা মামলা। অস্ত্র মামলায় ১৭ বছরসহ কয়েকটি মামলায় তাঁর সাজাও হয়েছিল।
২৭ বছর পর কারামুক্তি, আবার গ্রেপ্তার
দীর্ঘদিন কারাগারে থাকার পর ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর রাত ৯টার দিকে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পান সুইডেন আসলাম। তবে মুক্তির প্রায় দুই বছরের মাথায় বিদেশ যাওয়ার চেষ্টাকালে বিমানবন্দর থেকে তাঁর গ্রেপ্তারের ঘটনা তাঁকে আবারও আলোচনায় নিয়ে এসেছে।
নাশকতা ঠেকাতে পুলিশকে 'সর্বোচ্চ সতর্ক' থাকার নির্দেশ ডিএমপি কমিশনারের
বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম
‘জিটিএ ৬’-এর পর ‘এলএ নোয়ার ২’ আনছে রকস্টার?