আন্তর্জাতিক অঙ্গনে বন্ধুত্ব বাড়ানোর বার্তা কিমের

আপডেট : ২৩ নভেম্বর ২০২৬, ০৯:১৭ পিএম

উত্তর কোরিয়ার আন্তর্জাতিক কূটনৈতিক সম্পর্ক সম্প্রসারণে নতুন করে আগ্রহ প্রকাশ করেছেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন। তিনি জানিয়েছেন, উত্তর কোরিয়ার সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল দেশগুলোর সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতা বাড়াতে পিয়ংইয়ং প্রস্তুত।

সোমবার (২৩ নভেম্বর) উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএর বরাতে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।

কিমের এ বক্তব্য এমন এক সময়ে সামনে এসেছে, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক এশিয়া সফরে দুই নেতার সম্ভাব্য বৈঠক শেষ পর্যন্ত অনুষ্ঠিত হয়নি।

এর আগে গত শনিবার (২১ নভেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, কিমের সঙ্গে বৈঠক আয়োজনের জন্য ট্রাম্প প্রশাসন বিভিন্নভাবে চেষ্টা করেছিল। তবে দুই পক্ষের মধ্যে সমঝোতা না হওয়ায় শেষ পর্যন্ত উদ্যোগটি সফল হয়নি।

প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্প প্রশাসন উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়নে কয়েকটি প্রস্তাব বিবেচনা করেছিল। এর মধ্যে কোরীয় যুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা, পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় নমনীয়তা এবং দুই দেশের মধ্যে যোগাযোগের জন্য লিয়াজোঁ অফিস প্রতিষ্ঠার বিষয়ও ছিল।

ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে আরও বলা হয়, ট্রাম্প একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও কিমের পক্ষ থেকে সাড়া পাওয়া যায়নি। এমনকি একটি চিঠি পাঠানোর উদ্যোগও সফল হয়নি।

এদিকে ১০টি দেশের নবনিযুক্ত রাষ্ট্রদূতের কাছ থেকে পরিচয়পত্র গ্রহণের অনুষ্ঠানে কিম নিজেই উপস্থিত ছিলেন। এসব দেশের মধ্যে বাংলাদেশ, ভারত, রাশিয়া, ব্রাজিল, সুইডেন, ভিয়েতনাম ও ইন্দোনেশিয়াও রয়েছে।

অনুষ্ঠানে কিম বলেন, উত্তর কোরিয়া আধিপত্য বিস্তার বা সম্প্রসারণের নীতি অনুসরণ করে না। বরং নিজেদের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানো হচ্ছে।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় অগ্রগতি না হলেও চীন, রাশিয়াসহ বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক জোরদার করে আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের অবস্থান শক্তিশালী করতে চাইছে পিয়ংইয়ং।

সূত্র: দ্য ওয়াল স্ট্রিট জার্নাল

বিএইচবি
আরও পড়ুন