যুক্তরাষ্ট্রের কাছে ২৯ হাজার কোটি ডলার ক্ষতিপূরণ দাবি ইরানের

আপডেট : ২৪ নভেম্বর ২০২৬, ১১:০৩ এএম

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে ওয়াশিংটনের বিরুদ্ধে আরও কঠোর অবস্থান নিয়েছে ইরান। কয়েক দশক ধরে মার্কিন কর্মকাণ্ডে ক্ষয়ক্ষতির অভিযোগ তুলে ২৯ হাজার কোটি ডলার ক্ষতিপূরণ দাবি করেছে তেহরান। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ মোকাবিলায় সব ধরনের পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে দেশটি। পরিস্থিতি আরও অবনতি হলে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক স্থাপনাগুলোও হামলার লক্ষ্যবস্তু হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে ইরান।

সোমবার (২৩ নভেম্বর) তেহরানে এক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়া জানান। অন্যদিকে, ওয়াশিংটনের কাছে ক্ষতিপূরণ দাবির বিষয়টি নিশ্চিত করেছেন ইরানের বিচার বিভাগের একজন কর্মকর্তা।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে বিচার বিভাগের আইনজীবী বিষয়ক কেন্দ্রের প্রধান হাসান আবদোলিয়ানপুর জানান, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে করা মামলায় দেশটির বিভিন্ন আদালত থেকে মোট ২৯ হাজার কোটি ডলার ক্ষতিপূরণ আদায়ের পক্ষে রায় পাওয়া গেছে। কয়েক দশক ধরে যুক্তরাষ্ট্রের বিভিন্ন কর্মকাণ্ডে ইরানের যে ক্ষয়ক্ষতি হয়েছে, তার ক্ষতিপূরণ হিসেবে এই অর্থ দাবি করা হচ্ছে।

আবদোলিয়ানপুর আরও জানান, ইরানে হামলা চালানোর জন্য নিজেদের ভূখণ্ড ব্যবহারের সুযোগ দেওয়ার অভিযোগে উপসাগরীয় কয়েকটি আরব দেশের বিরুদ্ধেও একাধিক মামলা করা হয়েছে।

নৌ অবরোধকে ‘সামরিক আগ্রাসন’ বলছে তেহরান

ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের বিষয়ে বাঘাই বলেন, ওয়াশিংটনের এ ধরনের পদক্ষেপ তেহরান মেনে নেবে না। মার্কিন আগ্রাসন মোকাবিলায় ইরান তার হাতে থাকা সব ধরনের উপায় ব্যবহার করবে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্র যেসব পদক্ষেপকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা, অর্থনৈতিক অবরোধ ও নৌ অবরোধ হিসেবে বর্ণনা করছে, সেগুলো মূলত ইরানের বিরুদ্ধে সামরিক আগ্রাসন। এ পরিস্থিতিতে জাতিসংঘ সনদের ৫১ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী আত্মরক্ষার জন্য প্রয়োজনীয় যেকোনো পদক্ষেপ নেওয়ার অধিকার তেহরানের রয়েছে বলে দাবি করেন তিনি।

হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে চাপ

যুক্তরাষ্ট্রের অবরোধে ইরানের অর্থনীতি ক্রমেই চাপে পড়ছে। দেশটির মোট আমদানি-রপ্তানির ৮০ শতাংশের বেশি পণ্য হরমুজ প্রণালি অথবা দক্ষিণাঞ্চলীয় বন্দর দিয়ে পরিবহন করা হয়। ফলে গুরুত্বপূর্ণ এই নৌপথে চলাচল ব্যাহত হওয়ায় ইরানের বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ডে বড় ধরনের প্রভাব পড়ছে।

অবরোধের অবসান ঘটাতে বিকল্প পথ খুঁজছে তেহরান। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে ইরানের আশপাশে থাকা মার্কিন সামরিক স্থাপনাগুলোতে হামলার সম্ভাবনাও বিবেচনায় রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ, অবরোধ অব্যাহত থাকলে সংঘাতের পরিধি আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা রয়েছে।

সংঘাতের পেছনে হরমুজ প্রণালি

চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলার মধ্য দিয়ে বর্তমান সংঘাত শুরু হয়। ওই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং দেশটির কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা নিহত হন। এর জবাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইরান।

পাশাপাশি লেবানন, ইয়েমেন ও ইরাকে ইরানসমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলো সংঘাতে জড়িয়ে পড়লে যুদ্ধের পরিধি আরও বিস্তৃত হয়।

সংঘাতের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে ওঠে হরমুজ প্রণালি। বিশ্বের জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথে চলাচল নিয়ন্ত্রণের চেষ্টা করে ইরান। অন্যদিকে, তেহরানকে এমন পদক্ষেপ থেকে বিরত রাখতে দেশটির বন্দরগুলোতে নৌ অবরোধ আরোপ করে যুক্তরাষ্ট্র। পাশাপাশি একের পর এক অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি এবং স্থলপথে পণ্য পরিবহন ব্যাহত করতে বিশেষ টাস্কফোর্স গঠন করে ওয়াশিংটন।

যুদ্ধ বন্ধে কূটনৈতিক উদ্যোগ স্থবির

সংঘাত বন্ধে কূটনৈতিক প্রচেষ্টা এখনো স্থবির রয়েছে। জুনে হওয়া সমঝোতা ভেঙে পড়ার পর স্থায়ীভাবে যুদ্ধের অবসানে নতুন কোনো অগ্রগতি হয়নি।

ইরানের দাবি, যুক্তরাষ্ট্র যুদ্ধ বন্ধ, নৌ অবরোধ প্রত্যাহার এবং অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়ার শর্ত মেনে নিলে মাত্র দুই দিনের মধ্যেই হরমুজ প্রণালি খুলে দেওয়া সম্ভব।

বাঘাই বলেন, যুক্তরাষ্ট্র তাদের প্রতিশ্রুতি পূরণ করলে খুব অল্প সময়ের মধ্যেই হরমুজ প্রণালি ও পুরো অঞ্চলে নিরাপত্তা ফিরিয়ে আনা সম্ভব।

তবে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সমঝোতার কোনো দৃশ্যমান অগ্রগতি না থাকায় মধ্যপ্রাচ্যে সংঘাত আরও তীব্র হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষ করে হরমুজ প্রণালিকে কেন্দ্র করে দুই দেশের পাল্টাপাল্টি অবস্থান বিশ্ব জ্বালানি সরবরাহ ও আন্তর্জাতিক বাণিজ্যের জন্যও নতুন উদ্বেগ তৈরি করছে।

এসজেড
আরও পড়ুন
সর্বশেষপঠিত