২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তির আবেদন শুরু হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ও কৃষিগুচ্ছভুক্ত ৯ বিশ্ববিদ্যালয়ে। বুধবার (২৫ নভেম্বর) থেকে অনলাইনে আবেদন করতে পারবেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। এবার এসব বিশ্ববিদ্যালয়ে আবেদনের ক্ষেত্রে জিপিএ শর্ত শিথিল করা হয়েছে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পাঁচটি ইউনিটের মধ্যে চারটিতে আবেদনের জিপিএ শর্ত কমানো হয়েছে। অন্যদিকে, কৃষিগুচ্ছে চতুর্থ বিষয়সহ এসএসসি ও এইচএসসিতে মোট জিপিএ ৮ থাকলেই আবেদন করা যাবে। আগে চতুর্থ বিষয় বাদে মোট জিপিএ ৮ দশমিক ৫ লাগতো।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য ২০২৩ অথবা ২০২৪ সালে এসএসসি ও সমমান এবং ২০২৬ সালে এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। ‘এ’ ইউনিটে আবেদনের জন্য দুই পরীক্ষায় মোট জিপিএ ৭ এবং পৃথকভাবে ন্যূনতম ৩ থাকতে হবে। ‘বি’ ও ‘ডি’ ইউনিটে মোট জিপিএ ৬ এবং পৃথকভাবে ন্যূনতম ২ দশমিক ৭৫ থাকতে হবে।
‘সি’ ইউনিটে মোট জিপিএ ৬ দশমিক ৫ এবং পৃথকভাবে ন্যূনতম ৩ থাকতে হবে। এছাড়া ‘ই’ ইউনিটে মোট জিপিএ ৫ দশমিক ৫ এবং পৃথকভাবে ন্যূনতম ২ দশমিক ৫ থাকলেই আবেদন করা যাবে। এবার এইচএসসি ও সমমানের সম্পূরক পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীরাও শর্তসাপেক্ষে ভর্তির আবেদন করতে পারবেন। তবে, সম্পূরক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর নির্ধারিত জিপিএ শর্ত পূরণে ব্যর্থ হলে তাদের আবেদন বাতিল হবে।
আবেদন ফি ও পরীক্ষার সময়সূচি
৪ ইউনিটের প্রতিটিতে আবেদন ফি ১ হাজার ২০০ টাকা। আর ‘ই’ ইউনিটে আবেদন ফি ১ হাজার ৫০০ টাকা। আগামী ১ জানুয়ারি ‘এ’, ৮ জানুয়ারি ‘ই’, ১৫ জানুয়ারি ‘বি’, ২২ জানুয়ারি ‘সি’ এবং ২৩ জানুয়ারি ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি পরীক্ষা সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত চলবে। বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে আবেদন করা যাবে। সেখানে ভর্তি সংক্রান্ত বিস্তারিত নির্দেশনাও পাওয়া যাবে।
কৃষিগুচ্ছের ৯ বিশ্ববিদ্যালয়
কৃষিগুচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে ভর্তির আবেদন করা যাবে। এবার গুচ্ছভুক্ত ৯টি বিশ্ববিদ্যালয়ে মোট আসন রয়েছে ৩ হাজার ৭৯৫টি।
২০২২, ২০২৩ ও ২০২৪ সালে এসএসসি এবং ২০২৫ ও ২০২৬ সালে এইচএসসি ও সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। তাদের জীববিজ্ঞান, রসায়ন, পদার্থবিজ্ঞান ও গণিত বিষয় থাকতে হবে। উভয় পরীক্ষায় চতুর্থ বিষয়সহ পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৪ থাকতে হবে। এছাড়া, ২০২৫ সালে এসএসসি ও সমমানের মানোন্নয়ন পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরাও আবেদনের সুযোগ পাবেন। নির্ধারিত যোগ্যতা পূরণ সাপেক্ষে ‘ও’ ও ‘এ’ লেভেল উত্তীর্ণ শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন।
যেসব বিশ্ববিদ্যালয়ে ভর্তি নেওয়া হবে
কৃষি গুচ্ছের আওতায় থাকা ৯টি বিশ্ববিদ্যালয়ে মোট আসন ৩ হাজার ৭৯৫টি। এর মধ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ১ হাজার ৬৬টি, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে ৫১০টি, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ৭০৫টি, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৪৭৩টি, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে ২৭৫টি, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ৪৩১টি, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে ১৫০টি, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে ৯৯টি এবং কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে ৮৬টি আসন রয়েছে।
আবেদন ফি ও পরীক্ষার সময়সূচি
কৃষিগুচ্ছে আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৬০০ টাকা। আবেদনকারীদের ৯টি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাকেন্দ্র পছন্দক্রম অনুযায়ী নির্বাচন করতে হবে। আগামী ২ জানুয়ারি বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এমসিকিউ পদ্ধতিতে ১০০ নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইংরেজিতে ১০, প্রাণিবিজ্ঞান ও উদ্ভিদবিজ্ঞানে ১৫ করে এবং পদার্থবিজ্ঞান, রসায়ন ও গণিতে ২০ করে নম্বর থাকবে। প্রতিটি ভুল উত্তরের জন্য শূন্য দশমিক ২৫ নম্বর কাটা হবে।
এছাড়া, কৃষিগুচ্ছে মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য ৩ শতাংশ, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও পার্বত্য অঞ্চলের অ-উপজাতি প্রার্থীদের জন্য ১ শতাংশ এবং প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ১ শতাংশ কোটা রাখা হয়েছে।
১৭ বছরেই যুক্তরাষ্ট্রের ফুটবলে কীর্তি গড়লেন বাংলাদেশি কাভান
ডিসেম্বরে শুরু হচ্ছে ডিএসসিসি ফুটবল কাপ
বিয়ের জন্য চাপ দেওয়ায় প্রেমিকাকে শ্বাসরোধে হত্যা
পে স্কেল সংশোধনের দাবিতে ৯ দফা প্রস্তাব
নভেম্বরে সারা দেশে আ. লীগের ২১৩ নাশকতা: তথ্য উপদেষ্টা