কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর চ্যাটবট গ্রক ব্যবহার করে শিশুদের যৌন নিপীড়নমূলক এবং প্রাপ্তবয়স্কদের সম্মতিবিহীন যৌন আবেদনময় ছবি তৈরির অভিযোগে ইলন মাস্কের একাধিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্রের দুই অঙ্গরাজ্য। ভার্জিনিয়া ও ওরেগনের অ্যাটর্নি জেনারেল পৃথক দুটি মামলা করেছেন। অভিযোগে বলা হয়েছে, ক্ষতিকর ছবি তৈরি ও প্রচার ঠেকাতে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো।
গত সোমবার (২৩ নভেম্বর) ভার্জিনিয়ার অ্যাটর্নি জেনারেল জে জোনস এবং ওরেগনের অ্যাটর্নি জেনারেল ড্যান রেফিল্ড নিজ নিজ অঙ্গরাজ্যের আদালতে মামলাগুলো দায়ের করেন। গ্রকের বিরুদ্ধে এ ধরনের অভিযোগে যুক্তরাষ্ট্রের কোনো অঙ্গরাজ্যের পক্ষ থেকে মামলা করার ঘটনা এটিই প্রথম।
মামলায় বিবাদী করা হয়েছে স্পেসএক্স, এক্স করপোরেশন এবং গ্রক পরিচালনাসংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে। দুই অঙ্গরাজ্যের অভিযোগ, গ্রকের ছবি ও ভিডিও তৈরির প্রযুক্তি ব্যবহার করে বাস্তব মানুষের সাধারণ ছবি বিকৃত করে তাঁদের নগ্ন বা যৌন পরিস্থিতিতে দেখানো সম্ভব হয়েছে। এসব ছবি তৈরির ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্মতি নেওয়া হয়নি। শিশুদের নিয়েও তৈরি হয়েছে যৌন নিপীড়নমূলক কনটেন্ট।
অভিযোগপত্রে বলা হয়েছে, গ্রকের নির্মাতারা পণ্যের নিরাপত্তার চেয়ে ব্যবহারকারী বাড়ানো এবং ব্যবসায়িক প্রবৃদ্ধিকে বেশি গুরুত্ব দিয়েছেন। এআই প্রযুক্তির অপব্যবহার ঠেকাতে প্রচলিত নিরাপত্তাব্যবস্থা দুর্বল করার পাশাপাশি ‘স্পাইসি মোড’ নামে একটি সুবিধাও প্রচার করা হয়েছিল। এই সুবিধার মাধ্যমে নগ্ন ও যৌন আবেদনময় ছবি তৈরির সুযোগ দেওয়া হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
অন্যদিকে, ব্যবহারকারীদের কাছে প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে দাবি করা হয়েছিল, গ্রকে ক্ষতিকর কনটেন্ট তৈরি ঠেকাতে শক্তিশালী সুরক্ষাব্যবস্থা রয়েছে। ভার্জিনিয়া ও ওরেগনের কর্মকর্তাদের দাবি, বাস্তবে সেই সুরক্ষা যথেষ্ট কার্যকর ছিল না। ফলে সাধারণ মানুষের ছবি তাঁদের অনুমতি ছাড়াই যৌন আবেদনময় কনটেন্টে রূপান্তর এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার সুযোগ তৈরি হয়।
ভার্জিনিয়ার মামলায় সেন্টার ফর কাউন্টারিং ডিজিটাল হেটের (সিসিডিএইচ) একটি গবেষণার তথ্যও তুলে ধরা হয়েছে। গবেষণায় বলা হয়, ২০২৫ সালের ২৯ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ৮ জানুয়ারি পর্যন্ত গ্রক ব্যবহার করে এক্সে প্রায় ৩০ লাখ যৌন আবেদনময় ছবি তৈরি ও প্রকাশ করা হয়েছিল। এর মধ্যে আনুমানিক ২৩ হাজার ছবিতে শিশুদের উপস্থিতি ছিল বলে গবেষকেরা ধারণা করেছেন।
গবেষণার আরও একটি উদ্বেগজনক দিক হলো, শিশুদের দেখানো এসব ছবির প্রায় ৩০ শতাংশ শনাক্ত হওয়ার এক সপ্তাহ বা তারও বেশি সময় পর এক্সে দেখা যাচ্ছিল। কিছু ছবি সরিয়ে ফেলার পরও বিকল্প লিংকের মাধ্যমে সেগুলোতে প্রবেশ করা সম্ভব ছিল বলে মামলায় দাবি করা হয়েছে।
ভার্জিনিয়ার অ্যাটর্নি জেনারেল জে জোনসের বক্তব্য, গ্রকের নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রতিষ্ঠানগুলোর আশ্বাসে ব্যবহারকারীরা বিভ্রান্ত হয়েছেন। তাঁর অভিযোগ, মানুষের সম্মতি ও নিরাপত্তার বিষয়টি উপেক্ষা করে ব্যবহারকারীর সম্পৃক্ততা এবং ব্যবসায়িক স্বার্থকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।
ওরেগনের অ্যাটর্নি জেনারেল ড্যান রেফিল্ডও বলেছেন, প্রয়োজনীয় সুরক্ষাব্যবস্থা ছাড়াই গ্রক ও এক্সের প্রযুক্তি বাজারে আনা হয়েছে। তাঁর মতে, এসব ব্যবস্থার দুর্বলতা শিশুদের যৌন নিপীড়নমূলক কনটেন্ট তৈরি ও ছড়িয়ে দেওয়ার ঝুঁকি বাড়িয়েছে।
দুই অঙ্গরাজ্যের মামলায় ভোক্তা সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। আদালতের কাছে আর্থিক জরিমানা, ক্ষতিপূরণ এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড বন্ধে প্রয়োজনীয় নির্দেশনা চাওয়া হয়েছে। ভার্জিনিয়ার মামলায় ইচ্ছাকৃত প্রতিটি আইন লঙ্ঘনের জন্য ২ হাজার ৫০০ ডলার জরিমানার আবেদনও করা হয়েছে।
তবে অভিযোগ অস্বীকার করে গ্রকের নিরাপত্তাবিষয়ক পক্ষ থেকে বলা হয়েছে, শিশুদের যৌন নিপীড়নমূলক কনটেন্ট এবং বাস্তব মানুষের সম্মতিবিহীন যৌন ছবি তৈরি করা গ্রহণযোগ্য নয়। এ ধরনের অনুরোধ ও কনটেন্ট ঠেকাতে তারা ব্যবস্থা নেয় এবং নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে পদক্ষেপের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সঙ্গে কাজ করে।
এখন পর্যন্ত মামলাগুলোর অভিযোগ আদালতে চূড়ান্তভাবে প্রমাণিত হয়নি। তবে এ ঘটনা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ছবি ও ভিডিওর অপব্যবহার, শিশুদের অনলাইন নিরাপত্তা এবং প্রযুক্তি প্রতিষ্ঠানের জবাবদিহি নিয়ে যুক্তরাষ্ট্রে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।
সূত্র: রয়টার্স।
তাইওয়ানের নির্বাচন ঘিরে চীনের কঠোর অবস্থান
১৭ বছরেই যুক্তরাষ্ট্রের ফুটবলে কীর্তি গড়লেন বাংলাদেশি কাভান
বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী